সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সুনামগঞ্জ জেলায় স্বাস্থ্য বিভাগে চিকিৎসক, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্টসহ সব পদেই লোকের অভাব আছে। প্রতিষ্ঠানটি হলে অনেক ছেলেমেয়ে এখান থেকে শিক্ষা নিয়ে সরকারি-বেসরকারি পর্যায়ে কাজের সুযোগ পাবে।
প্রতিষ্ঠানটি চালুর বিষয়ে স্বাস্থ্য বিভাগের সঙ্গে একাধিকবার কথা বলেছেন বলে জানান সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য মোহাম্মদ রাজু আহমেদ। তিনি বলেন, তিন বছর ধরে ভবনগুলো পড়ে আছে, এটি দুঃখজনক। সুনামগঞ্জে এমনিতেই শিক্ষার সুযোগ কম। তাই এই বিশেষ প্রতিষ্ঠান দ্রুত চালু হওয়া দরকার।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সুনামগঞ্জ কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. ইফতে খায়ের আলম বলেন, প্রকল্পের নির্মাণকাজ শেষ। মূলত প্রয়োজনীয় লোকবল নিয়োগ না হওয়ার কারণেই এটি চালু হচ্ছে না। লোকবল নিয়োগ হলেই এটি চালু হবে।




