জেমসের জন্মদিনে আর্ক ব্যান্ডের হাসান

জন্মদিনে নগরবাউল খ্যাত জেমসকে বাংলা ব্যান্ড মিউজিকের এক বিশাল বটবৃক্ষ বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ব্যান্ড আর্ক এর হাসান। শুক্রবার জেমসের সঙ্গে পুরনো দিনের কিছু ছবি পোস্ট করে ফেসবুকে এমনটাই লিখেন হাসান।
২ অক্টোবর গুরু খ্যাত রকস্টার জেমসের ৬২তম জন্মদিন। বিশেষ এই দিনে জেমসকে নিয়ে হাসান লিখেন,“আপনি শুধু একজন কিংবদন্তি শিল্পীই নন, আপনি আমাদের বাংলা ব্যান্ড মিউজিকের এক বিশাল বটবৃক্ষ। শত প্রতিকূলতার মাঝেও যেভাবে আপনি রকের মশালটিকে জ্বালিয়ে রেখেছেন, তা আমাদের সবসময় অনুপ্রাণিত করে।”
আর্ক ব্যান্ডের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে জেমসের উদ্দেশে হাসান লিখেন,“শুভ জন্মদিন, জেমস ভাই! আমাদের দেশের ব্যান্ড সংগীতের জীবন্ত কিংবদন্তি এবং আমাদের সবার প্রিয় জেমস ভাইকে ‘আর্ক’ ব্যান্ডের পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।”
জেমসকে নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়ে হাসান বলেন,“নব্বইয়ের দশকের সেই সোনালী দিনগুলো থেকে শুরু করে আজ পর্যন্ত আপনার সাথে একই মঞ্চে গান গাইতে পারা এবং বাংলা রক সংগীতের এই দীর্ঘ পথচলা ভাগ করে নিতে পারাটা সবসময়ই ভীষণ আনন্দের এবং গর্বের।”
এসময় নস্টালজিক হাসান আরো লিখেন,“আজ আপনার এই বিশেষ দিনে নব্বইয়ের দশকের সেই সোনালী দিনগুলোর কথা খুব মনে পড়ছে। সেই যে আমরা একসাথে মিক্সড অ্যালবামের রেকর্ডিং করতাম, কনসার্টের ব্যাকস্টেজে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতাম, আর একের পর এক শো-তে স্টেজ কাঁপাতাম সেই স্মৃতিগুলো আমার জীবনের অন্যতম সেরা সম্পদ। আপনার সাথে মঞ্চ ভাগ করে নেওয়ার সেই উন্মাদনা আজও আমার মনে ঠিক আগের মতোই তাজা হয়ে আছে।”
রকস্টার জেমসের জন্ম ১৯৬৪ সালে, নওগাঁয়। বেড়ে ওঠা এবং সংগীতে জড়িয়ে পড়ার পুরোটাই চট্টগ্রামে। নগর বাউল জেমসের বাবা ছিলেন সরকারি কর্মকর্তা। যিনি পরবর্তীতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
পরিবারের একরকম দ্বিমতে সংগীতচর্চা শুরু করেন জেমস। একসময় তিনি সংগীতের জন্য ঘর ছেড়ে পালিয়ে যান। উঠেন চট্টগ্রামের আজিজ বোর্ডিং-এ। সেখানে থেকেই তার সংগীতের মূল ক্যারিয়ার শুরু হয়। জেমস ১৯৮০ সালে প্রতিষ্ঠা করেন ব্যান্ড ‘ফিলিংস’। ১৯৮৭ সালে প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’ প্রকাশ পায়। ১৯৮৮ সালে ‘অনন্যা’ নামের একক অ্যালবাম প্রকাশ করে সুপারহিট হয়ে যান জেমস।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




