
ওয়ানডে সিরিজ হারের পর টি-টুয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টি-টুয়েন্টিতে ৮ উইকেটের বড় জয় দিয়ে সিরিজ শুরু করেছে ভারত। অপরাজিত সেঞ্চুরি করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নিয়েছেন অধিনায়ক শ্রেয়াস আয়ার। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
লক্ষ্ণৌর অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজ ১৯.১ ওভারে ১৭১ রান তুলে অলআউট হয়। জবাব দিতে নেমে আয়ারের সেঞ্চুরিতে ১৪.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ও ৩২ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ভারত।
মোটামুটি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় ভারত। ওপেনার অভিষেক শর্মা ২১ রান করে আউট হওয়ার পর অপর ওপেনার সঞ্জু স্যামসন ১১ রান করে আউট হন। এরপর ঈশান কিষাণ ও আয়ার জুটি গড়েন। তাদের ৬৮ বলে ১৩৭ রানের জুটিতে সহজে ম্যাচ জেতে ভারত। আয়ার ৪৩ বলে অপরাজিত সেঞ্চুরিতে ১০২ ও কিষাণ ৩৭ রানে অপরাজিত থাকেন।
ওয়েস্ট ইন্ডিজের দুই স্পিনার আকিল হোসেন ও রস্টন চেজ একটি করে উইকেট নেন।
প্রথমে ব্যাট করা উইন্ডিজের শুরুটা ভালো হয়েছিল। ওপেনার ও অধিনায়ক শাই হোপ ফিফটি তুলে নেন। তবে রান আসার সাথে নিয়মিত উইকেট হারাতে থাকে। পাঁচে নেমে শেরফান রাদারফোর্ড দলের সর্বোচ্চ ৫৬ রান করেন। তৃতীয় সর্বোচ্চ ১৫ রান করেন স্পিনার ব্যাটার আকিল হোসেন।
ভারতের স্পিনার নামান ধীর সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। একটি করে উইকেট নিয়েছেন আর্শদীপ সিং ও মায়াঙ্ক যাদব।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




