
বলিউড অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে শোকাহত পুরো ভারত। তবে রাতে তার শেষকৃত্য নিয়ে উঠেছে প্রশ্ন। এ নিয়ে কথা বলেছেন নানা পাটেকরের ছেলে মালহার পাটেকর।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে পুনেতে নানা পাটেকরের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় বাবার রেখে যাওয়া কাজ ও আদর্শ এগিয়ে নেওয়ার কথাও জানান মালহার।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার পুনেতে নিজের খামারবাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় নানা পাটেকরের। এদিন ভোরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ৭৫ বছর বয়সী এই অভিনেতা। মৃত্যুর সময় তিনি গোয়ায় অবস্থান করছিলেন।
গোয়ায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে তার মরদেহ পুনেতে নেওয়া হয়। এরপর সূর্যাস্তের পর সম্পন্ন হয় শেষকৃত্য।

নানা পাটেকরের শেষকৃত্য রাতে কেন করা হলো এবং অন্য তারকারা পুনেতে আসার জন্য অপেক্ষা করা হয়নি কেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মালহার বলেন, “এমন কোনো বিষয় ছিল না যে রাতে কেন, সকালে কেন নয়। দুর্ঘটনাটি ঘটেছিল খুব ভোরে। এরই মধ্যে অনেকটা সময় পেরিয়ে গিয়েছিল। তাই আমরা সিদ্ধান্ত নিই, সেদিনই শেষকৃত্য সম্পন্ন করব।”
নানা পাটেকর ও অভিনেতা মকরন্দ আনাসপুরে প্রতিষ্ঠিত ‘নাম ফাউন্ডেশন’-এর মাধ্যমে কৃষকদের কল্যাণে কাজ করেছেন নানা। বিশেষ করে খরাপ্রবণ এলাকার কৃষকদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে সংগঠনটি। এবার বাবার সেই কাজের ধারাবাহিকতা বজায় রাখার কথা জানিয়েছেন মালহার।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে আলোচনা করে কৃষকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। মালহারের ভাষ্য, তাদের কাজের উদ্দেশ্য প্রচার করা নয়, বরং নীরবে মানুষের জন্য কাজ করে যাওয়া।

বাবার উত্তরাধিকার নিয়ে মালহার বলেন, “নানাসাহেবের মতো মানুষ কখনো সত্যিকার অর্থে চলে যান না। তার কাজ ও অর্জন তাকে অমর করে রেখেছে। তিনি সব সময় চাইতেন, সবাই একসঙ্গে সঠিক পথে এগিয়ে যাক। তার রেখে যাওয়া ভাবনা ও আদর্শকে সামনে রেখেই আমরা ভবিষ্যতের পথ তৈরি করব।”
শেষকৃত্যে উপস্থিত সাংবাদিকদেরও ধন্যবাদ জানান মালহার। বাবার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর এই সময়ে সাংবাদিকদের উপস্থিতি ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
নানা পাটেকরের মৃত্যুর পর তার চিকিৎসক শেখর সালকার জানান, অসুস্থ বোধ করায় অভিনেতা রাত আড়াইটার দিকে এক বন্ধুকে বার্তা পাঠিয়েছিলেন। বার্তাটি দেখার পর ওই বন্ধু ভোর চারটার দিকে তার বাসায় যান। পরে নানা পাটেকরের পরিচর্যাকারীকে অ্যাম্বুলেন্স ও জরুরি চিকিৎসাসেবা আনার জন্য পাঠানো হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। ভোর ৫টা ২০ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। টাইমসনাউ
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




