
সাংবাদিক আমীর খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব), গণমাধ্যম উন্নয়ন সংস্থা এমআরডিআই এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আমীর খসরু। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
ডিআরইউর স্থায়ী সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক আমীর খসরু দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। গুরুতর অসুস্থ হয়ে কয়েক দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সর্বশেষ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
আমীর খসরুর মৃত্যুতে ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা বলেন, আমির খসরুর মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন অভিজ্ঞ সহকর্মীকে হারালেন।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মৃত্যুকালে আমীর খসরু স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




