‘আমার রঙিন এ সময় যেন ফুরিয়ে না যায়’

‘আমার রঙিন এ সময় যেন ফুরিয়ে না যায়’

একটা সময় ভাবতেও পারেননি, সিনেমার পারিশ্রমিক দিয়ে চলতে পারবেন। অথচ সেই পারিশ্রমিক দিয়েই এখন জীবন ও জীবিকা চালাচ্ছেন তুষি। শুধু কি তা–ই, ক্যারিয়ারে কখনো ভাবেননি হাওয়া, প্রেশার কুকার, রইদ–এর মতো সিনেমায় নাম লেখানো হবে। অথচ এই কাজগুলোই তাঁকে একটু একটু করে বদলে দিচ্ছে। তিনি এখন হয়ে উঠছেন অন্যদের কাছে আদর্শ। ‘একসময় অনেকে আমাকে বলেছিল, হাওয়ার পরে আমি নাকি হাওয়া হয়ে গিয়েছি। আমার কাজ নেই। কিন্তু আমি নীরবে কাজ করে গেছি। ধৈর্য ধরেছি। সেই কাজগুলো এ বছর একসঙ্গে মুক্তি পাবে, এটাও ভাবনার বাইরে ছিল,’ বলেন তুষি।

‘বছরটা বেশি বেশি হয়ে গেল’
বছরের শুরুতেই খবর পান, রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে তাঁদের সিনেমা রইদ। পরেই দুই ঈদে আসে তাঁর দুই সিনেমা প্রেশার কুকার ও রইদ। এর মধ্যে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ওয়েব সিরিজ অ্যানি জার্মানির উৎসব থেকে সুখবর দেয়। এর মধ্যে রায়হান রাফীর আন্ধার সিনেমার প্রচারণা দিয়েও আলোচনায় আসেন তুষি। এখন প্রস্তুতি নিচ্ছেন নতুন সিনেমার। ‘কাজগুলো বলে দেয়, এ বছরটি আপনার?’ এমন প্রশ্নে হেসে তুষি বলেন, ‘আমি যে সব সময় কাজের মধ্যে ডুবে ছিলাম, এ–ই তার প্রমাণ। আমি কখনোই হাওয়া হইনি। আর এ বছর যে এত কিছু পাব, ভাবিনি। এখন সব কাজ পাশাপাশি সময়ে চলে আসায় আমার কাছে মনে হচ্ছে, এ বছরটা বেশি বেশি হয়ে গেছে। আমার রঙিন এ সময় যেন ফুরিয়ে না যায়। মন থেকে চাই, রঙিন সময়টা থেকে যাক। কারণ, নিজেকে আরও এক্সপ্লোর করতে চাই।’