বললেন রজনীকান্ত

তারকাখ্যাতির চেয়েও বেশি আপন বাস কন্ডাক্টরের পরিচয়- এমনটাই বললেন দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত।
একসময় টানা পাঁচ বছর বাস কন্ডাক্টর হিসেবে কাজ করেছেন তিনি। সেই দিনগুলোর কথা এখনো মনে পড়ে, আর সেই পেশার প্রতি টানও রয়ে গেছে বলে জানান রজনীকান্ত।
সম্প্রতি নিজের অভিনীত ‘জেলার ২’ সিনেমার প্রচারণায় অংশ নিয়ে এমন কথাই জানিয়েছেন এই অভিনেতা।
নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার ২’ আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। সিনেমাটির প্রচলিত অডিও লঞ্চের পরিবর্তে নির্মাতারা আয়োজন করেছেন বিশেষ অনুষ্ঠান ‘সুপার শো’। সান এনএক্সটি-তে প্রচারিত এই অনুষ্ঠানে সিনেমার অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন রজনীকান্ত ও পরিচালক নেলসন।
অনুষ্ঠানে রজনীকান্তের বিনয়ী স্বভাবের কারণ জানতে চান নেলসন। এটি তার সহজাত বৈশিষ্ট্য, নাকি অন্যদের সামনে নিজেকে সেভাবে উপস্থাপন করেন, এমন প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, ‘আমি বড় তারকা হলেও অভিনয় করতে ভালোবাসি। তবে তার চেয়েও বেশি ভালো লাগত বাস কন্ডাক্টরের কাজ। টানা পাঁচ বছর এই পেশায় ছিলাম। এখনো সেই দিনগুলো মিস করি। নিজেকে কখনোই তারকা হিসেবে ভাবতে পারিনি।’
কন্ডাক্টর পরিচয়ের সঙ্গে নিজের গভীর সংযোগের কথা জানিয়ে রজনীকান্ত আরও বলেন, ‘এই তারকাখ্যাতি সবই ঠিক আছে। কিন্তু সত্যি বলতে, নিজেকে একজন কন্ডাক্টর হিসেবেই বেশি ভাবি। এ কারণেই আমি প্রায়ই বেঙ্গালুরু যাই। বাস কন্ডাক্টরদের নানা ধরনের মানুষের সঙ্গে মিশতে হয়। আমি নিজেকেও একজন বাস কন্ডাক্টর হিসেবেই দেখি। তাই আপনার মতো বড় ব্যক্তিত্বের সামনে আমার মতো একজন কন্ডাক্টর যেভাবে আচরণ করত, আমিও সেভাবেই আচরণ করি।’
বেঙ্গালুরুতে এক মারাঠি পরিবারে শিবাজি রাও গায়কোয়াড় নামে জন্ম রজনীকান্তের। পড়াশোনা শেষে জীবিকার তাগিদে কুলি ও বাস কন্ডাক্টরসহ বিভিন্ন কাজ করেন তিনি। পরে মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে পড়ার সুযোগ তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সেখানে নির্মাতা কে বালাচন্দর তার অভিনয় প্রতিভা লক্ষ্য করেন এবং চলচ্চিত্রে কাজের সুযোগ করে দেন। তিনিই শিবাজি রাও গায়কোয়াড়ের নাম রাখেন রজনীকান্ত, যাতে অভিনেতা শিবাজি গণেশনের সঙ্গে নামের বিভ্রান্তি না হয়।
সিনেমায় অভিনয়ের জন্য তামিল ভাষাও শিখেছিলেন রজনীকান্ত। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় তারকা হয়ে উঠলেও নিজের পুরোনো পরিচয়ের প্রতি টান আজও অটুট রেখেছেন তিনি।
রজনীকান্তকে সর্বশেষ দেখা গেছে ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘লাল সালাম’ ও ‘ভেট্টাইয়ান’ এবং ২০২৫ সালের ‘কুলি’ সিনেমায়। এবার তার অভিনীত ‘জেলার ২’ মুক্তির অপেক্ষায়। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’-এর সিক্যুয়েলটি পরিচালনা করেছেন নেলসন দিলীপকুমার।
এ ছাড়া পরিচালক অশ্বথ মারিমুথুর ‘ধর্মন’ সিনেমায় অভিনয় করার কথা রয়েছে রজনীকান্তের। ছবিটি প্রযোজনা করছেন কমল হাসান।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




