
ছবি: সংগৃহীত
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। ঢাক-শঙ্খের ধ্বনি আর ভক্তদের বিষাদমাখা প্রার্থনায় বিদায় নেবেন দেবী দুর্গা।
বুধবার (২১ অক্টোবর) সকালে দেশের বিভিন্ন পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে বিজয়া দশমীর বিহিত পূজা। পূজা শেষে দর্পণ বিসর্জনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পরে স্থানীয় আয়োজন ও সুবিধাজনক সময়ে শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেবেন ভক্তরা।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বিজয়া দশমীতে দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে যান। তাই এ দিন আনন্দের পাশাপাশি ভক্তদের মধ্যে বিরাজ করে বিদায়ের বিষাদ। বিসর্জনের আগে বিভিন্ন মণ্ডপে সনাতনী নারীরা সিঁদুর খেলায় অংশ নেবেন। দেবীকে সিঁদুর নিবেদন করে একে অপরকে সিঁদুর পরিয়ে উৎসবে মেতে উঠবেন তাঁরা।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, বিজয়া দশমীর মূল তাৎপর্য হলো মানুষের অন্তরের অসুরিক প্রবৃত্তি কাম, ক্রোধ, হিংসা ও লালসা বিসর্জন দেওয়া। পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার প্রত্যয়ও এ উৎসবের অন্যতম শিক্ষা।
ধর্মীয় শাস্ত্র ও প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এবার দেবী দুর্গার আগমন হয়েছে ঘোড়ায় চড়ে এবং গমন হবে নৌকায়। দেবীর আগমন ও গমনকে ঘিরে ভক্তদের মধ্যে রয়েছে নানা ধর্মীয় ব্যাখ্যা ও বিশ্বাস।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




