
পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়াম জ্বালানির প্রথম চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা ৫ মিনিটে পারমাণবিক জ্বালানিবাহী গাড়িটি বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করে।
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় প্রকল্পে কর্মরত বাংলাদেশি ও রুশ কর্মকর্তারা চালানটিকে স্বাগত জানান।
এর আগে গত ২ অক্টোবর রাতে রাশিয়া থেকে ভারত হয়ে বিশেষ কার্গো উড়োজাহাজে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ইউরেনিয়ামের চালান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে তা রূপপুরে নেওয়া হয়।
রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের সূচি অনুযায়ী, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে দ্বিতীয় ইউনিটের প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পৌঁছানোর কথা।
এ সময়ে মোট নয়টি ফ্লাইটে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম ফুয়েল অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



