
আলিয়া ভাট ও শেফালি শাহ অভিনীত ২০২২ সালের সিনেমা ‘ডার্লিংস’-এ অভিনয় করা অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর দিব্যা ভিনেকর মারা গেছেন। মঙ্গলবার তার মৃত্যুর খবর জানান বন্ধু ও জনপ্রিয় রেডিও জকি রোহিণী রামনাথন।
ইনস্টাগ্রামে দিব্যার মৃত্যুর খবর জানিয়ে রোহিণী লেখেন, ‘অত্যন্ত দুঃখ ও শোকের সঙ্গে জানাচ্ছি, আমাদের প্রিয় দিব্যা ভিনেকর আজ পৃথিবী ছেড়ে চলে গেছেন। ঘটনাটি আকস্মিক ও অপ্রত্যাশিত। তার পরিবার এবং প্রতিদিন তার ভালোবাসা ও মমতায় সিক্ত হওয়া মানুষজন এই শোক সামলে ওঠার চেষ্টা করছেন। এই মুহূর্তে পরিবারের কাছে মৃত্যুর বিষয়ে নানা প্রশ্ন না করার অনুরোধ জানাচ্ছি।’
দিব্যাকে স্মরণ করে রোহিণী আরও লেখেন, ‘ব্যক্তিগতভাবে এবং পেশাগত জীবনে, ফিভার এফএমের আমাদের সবার কাছে দিব্যা ছিলেন নির্ভরতার প্রতীক। কাজের প্রতি নিষ্ঠা, সদয় আচরণ ও জ্ঞান তাকে সবার থেকে আলাদা করেছিল। তোমাকে খুব মনে পড়বে। আমাদের অংশ হওয়ার জন্য ধন্যবাদ। তোমাকে পেয়ে আমরা ধন্য হয়েছিলাম।’
২০২২ সালে মুক্তি পাওয়া ডার্ক কমেডি ঘরানার সিনেমা ‘ডার্লিংস’-এ নারী পুলিশ কনস্টেবলের চরিত্রে অভিনয় করেন দিব্যা। সিনেমাটিতে তার সহশিল্পী ছিলেন আলিয়া ভাট, শেফালি শাহ, বিজয় ভার্মা ও রোশন ম্যাথিউ।
জসমিত কে রিন পরিচালিত সিনেমাটি আলিয়া ভাটের প্রযোজক হিসেবে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গৌরী খান ও গৌরব ভার্মার সঙ্গে তিনি সিনেমাটি প্রযোজনা করেন। প্রযোজনায় ছিল ইটারনাল সানশাইন প্রোডাকশনস ও রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
‘ডার্লিংস’-এর গল্পে উঠে এসেছে এক গৃহবধূর জীবন, যিনি স্বামীর নির্যাতনের শিকার হতে হতে একপর্যায়ে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। ২০২২ সালের ৫ আগস্ট নেটফ্লিক্সে বিশ্বব্যাপী মুক্তি পাওয়া সিনেমাটি দর্শক ও সমালোচকদের প্রশংসা পায়।
দিব্যার অভিনীত অন্য সিনেমার মধ্যে রয়েছে বিদ্যা বালান ও শেফালি শাহ অভিনীত ২০২২ সালের থ্রিলার ‘জলসা’।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




