
শারদীয় দুর্গাপূজার ছুটিতে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে উন্মুক্ত হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর চ্যাপ্টার ১৬। মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত এই চ্যাপ্টারটি এবার দর্শকদের হাসি-আনন্দের পাশাপাশি আবেগেও ভাসিয়েছে।
বিশেষ করে পাশা ভাইয়ের আবেগঘন মুহূর্ত এবং বন্ধুদের পাশে দাঁড়ানোর দৃশ্যগুলো ছুঁয়ে গেছে দর্শকদের হৃদয়। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর আগের চ্যাপ্টারগুলোতে কাবিলা, পাশা, হাবু, নেহাল, আরেফিন, জাকির ও রকিদের নানা কর্মকাণ্ডে বিনোদন পেয়েছেন দর্শকরা।
তবে এবারের চ্যাপ্টারে বন্ধুত্ব, ভালোবাসা ও সম্পর্কের গভীরতা বিশেষভাবে উঠে এসেছে। পাশাপাশি শেষদিকে অ্যাকশনের কিছু ঝলকও দেখা গেছে, যা নিয়ে পরবর্তী চ্যাপ্টার ঘিরে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
চ্যাপ্টারটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন দর্শকরা। কেউ বন্ধুদের এমন নিঃস্বার্থ ভালোবাসার প্রশংসা করেছেন, আবার কেউ জানিয়েছেন, কয়েকটি দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি।
ইফতেখার আহমেদ নামে এক দর্শক লিখেছেন, পুরো সিজনে পাশা ভাই ছিল কিপ্টে আর পাষাণ মনের। কিন্তু চ্যাপ্টার ১৬-তে এসে পাশা ভাই কেঁদেছেন, কাঁদিয়েছেন তার ভাই-ব্রাদারদের। এই দৃশ্য দেখে দর্শক হিসেবে আমিও কেঁদেছি।
তিনি আরও লেখেন, রক্তের সম্পর্ক না থাকলেও জীবনের ভালো-মন্দ সময়ে পাশে থাকবে, এমন ভাই-ব্রাদার সবার জীবনেই প্রয়োজন। সিজন ১ থেকে ৫ পর্যন্ত পাশা ভাইকে মাফিয়া-ধাঁচের চরিত্রে দেখলেও এবার তার নিষ্পাপ ও আবেগী দিকটি নতুনভাবে আবিষ্কার করেছেন তিনি। তার মতে, শৈশব থেকে যৌবনে বেড়ে ওঠার পথে ‘ব্যাচেলর পয়েন্ট’ হয়ে থাকবে এক নস্টালজিক সিরিজ।
শেখ ফারদিক নামে আরেক দর্শক লিখেছেন, বন্ধুত্বকে যেভাবে ব্যাচেলর পয়েন্টে তুলে ধরেছে, এরকম আর কোন সিরিয়ালে আগে দেখিনি।
সাকিব হোসেন নামে এক দর্শকও পাশা ভাইয়ের চরিত্রের পরিবর্তনের প্রসঙ্গ তুলে ধরেছেন। তার ভাষ্য, সাত বছর আগে ব্যাচেলর বাসায় এসে পাশা ভাই সবাইকে থাপ্পড় মারতেন, ভয়ভীতি দেখাতেন। তখন তাকে কেউই সহ্য করতে পারতেন না। অথচ সাত বছর পর সেই পাশা ভাইয়ের জন্যই সবাই একসঙ্গে তার পাশে দাঁড়িয়েছেন। বন্ধুদের ভালোবাসায় শক্ত মনের পাশা ভাইও আবেগ ধরে রাখতে পারেননি। এই দৃশ্যের মধ্য দিয়ে মায়া ও ভালোবাসার বন্ধনে মানুষের একে অপরের সঙ্গে জড়িয়ে যাওয়ার বিষয়টি ফুটে উঠেছে বলে মনে করেন তিনি।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় চরিত্রগুলোতে অভিনয় করছেন মারজুক রাসেল (পাশা), চাষী আলম (হাবু), জিয়াউল হক পলাশ (কাবিলা), তৌসিফ মাহবুব (নেহাল), শামীম হাসান সরকার (আরেফিন), পাভেল (জাকির), ইশতিয়াক রোমেল (মতলব) ও জাফরুল আবেদিন (রকি)।
এ ছাড়া অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শামীমা নাজনীন, মুসাফির সৈয়দ বাচ্চু ও মালু দেওয়ানসহ অনেকে। নতুন চ্যাপ্টারে আরও যুক্ত হয়েছেন ইন্তেখাব দিনার, আনিসুল ববি।
কাজল আরেফিন অমির পরিচালনা ও প্রযোজনায় নির্মিত ‘ব্যাচেলর পয়েন্ট’ বঙ্গের পাশাপাশি প্রচারিত হচ্ছে চ্যানেল আই এবং বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




