এলপিজির দাম পরিবর্তনে গণশুনানি শুরু

এলপিজির দাম পরিবর্তনে গণশুনানি শুরু

ভোক্তাপর্যায়ে সরকারি ও বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম পরিবর্তনের প্রস্তাবের ওপর গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর নিউ ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল মিলনায়তনে এ গণশুনানি শুরু হয়। শুনানি চলবে বিকেল ৪টা পর্যন্ত।

বিইআরসির গণবিজ্ঞপ্তি অনুযায়ী, ভোক্তাপর্যায়ে সরকারি ও বেসরকারি এলপিজির মূল্য পরিবর্তনের পাশাপাশি বেসরকারি এলপিজির মজুতকরণ ও বোতলজাতকরণ চার্জ, ডিস্ট্রিবিউটর চার্জ এবং রিটেইলারের চার্জ পরিবর্তনের প্রস্তাব নিয়ে শুনানি হচ্ছে।এলপিজি অপারেটর, মজুতকরণ ও বোতলজাতকরণ প্রতিষ্ঠান এবং ডিস্ট্রিবিউটরদের পক্ষ থেকে এসব চার্জ ও মূল্য পরিবর্তনের প্রস্তাব কমিশনে জমা দেওয়া হয়েছে।

বিইআরসি জানায়, কমিশন আইন, ২০০৩-এর ৩৪(৬) ধারা অনুযায়ী প্রস্তাবগুলোর বিষয়ে অংশীজনদের মতামত নিতে এ গণশুনানির আয়োজন করা হয়েছে। শুনানিতে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অংশগ্রহণের পাশাপাশি প্রাসঙ্গিক তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট দলিল উপস্থাপনের সুযোগ দেওয়া হয়েছে।

এর আগে, গত ১৮ অক্টোবর এলপিজি অপারেটরদের পক্ষ থেকে মূল্য পরিবর্তনের প্রস্তাব জমা দেওয়া হয়। প্রস্তাবগুলো পর্যালোচনা করে কমিশন গণশুনানির আয়োজন করে।গণশুনানিতে অংশীজনদের মতামত ও প্রস্তাব পর্যালোচনা করে এলপিজির দাম এবং সংশ্লিষ্ট চার্জের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে কমিশন।