বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে এশিয়ার দেশগুলোর সম্পর্ক ভিন্নমাত্রা লাভ করেছে। এই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে অর্থনৈতিক পরিসরে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।
দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় আলোচনায় জানা গেছে যে আগামী পাঁচ বছরে বাংলাদেশের বেসরকারি খাতে বিশেষ করে অটোমোবাইল, অন্যান্য ম্যানুফ্যাকচারিং খাত এবং বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে জাপান ও জাপানের উদ্যোক্তারা, যার মাধ্যমে দুই লাখ কর্মসংস্থান তৈরি হতে পারে।
জাপানের সঙ্গে আলোচনায় প্রাধান্য পেয়েছে এ বছরের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত ‘বাংলাদেশ-জাপান ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট’ (ইপিএ) এর বাস্তবায়ন, যা দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে সহায়তার মতো বিষয়গুলোকে গুরুত্ব দেবে।
এর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ খাত যেমন ম্যানুফ্যাকচারিং, সেমিকন্ডাক্টর ও আইসিটি, ওষুধ ও ফার্মাসিউটিক্যাল পণ্য, জ্বালানি ইত্যাদি খাতে বিনিয়োগ ও অংশীদারত্ব জোরদার করা, ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার এলাকাকে কেন্দ্র করে বিগ বি উদ্যোগ (বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট), যার ভেতর বিদ্যুৎকেন্দ্র, গভীর সমুদ্রবন্দরকেন্দ্রিক অবকাঠামো, সংশ্লিষ্ট সড়ক-নৌ-রেল অবকাঠামো ইত্যাদি রয়েছে। অর্থাৎ সামগ্রিকভাবে বাণিজ্য ও বিনিয়োগকেন্দ্রিক বিভিন্ন খাতে উভয় দেশের পারস্পরিক সমঝোতা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করবার বিষয়গুলোই আলোচনায় এসেছে।




