এতে সীমিত আয় ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা যাঁরা সঞ্চয়পত্রের মুনাফার ওপর অনেকাংশে নির্ভরশীল, তাঁদের সুবিধা হবে, করের বোঝা কমবে। বাড়তি কর কেটে নেওয়া হলে তা ফেরত পাবেন।
এই পরিবর্তনের ফলে যাঁদের করহার ১০ শতাংশের বেশি হবে, সেই আয়ের ওপর তাঁদের প্রকৃত করধাপ অনুযায়ী (যেমন ১৫%, ২০% বা তার বেশি) কর দিতে হবে।
একটি উদাহরণ দেওয়া যাক। একজন করদাতা সঞ্চয়পত্র থেকে ৫ লাখ টাকা মুনাফা পেয়েছেন। এ জন্য ১০ শতাংশ হারে ৫০ হাজার টাকা উৎসে কর কেটে রাখা হয়েছে। এর বাইরে ওই করদাতা বেতন বা অন্য উৎস থেকে ৪ লাখ টাকা আয় করেছেন। এখন বছর শেষে তাঁর আয় দাঁড়াবে ৯ লাখ টাকা।
আগে হলে (যেহেতু সঞ্চয়পত্রের মুনাফার ওপর দেওয়া আয়কর চূড়ান্ত কর দায়) তাঁকে ৫০ হাজার টাকা কর দিলেই হতো। কিন্তু এখন তাঁর হিসাবটি হবে এমন, প্রথম ৪ লাখ টাকার ওপর কোনো কর বসবে না, পরের তিন লাখ টাকার ওপর ১০ শতাংশ হারে ৩০ হাজার টাকা এবং পরের দুই লাখ টাকার ১৫ শতাংশ হারে ৩০ হাজার টাকা। তাই ওই করদাতার সব মিলিয়ে ৬০ হাজার টাকা কর হবে। কিন্তু তিনি সঞ্চয়পত্রের উৎসে কর হিসেবে আগের ৫০ হাজার টাকা দিয়েছেন। তাই এখন বাড়তি ১০ হাজার টাকা দিতে হবে। এটি তাঁর এ বছরের বাড়তি কর।




