কেশম দ্বীপের আকাশে দুটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিতের দাবি ইরানের – DesheBideshe

কেশম দ্বীপের আকাশে দুটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিতের দাবি ইরানের – DesheBideshe


কেশম দ্বীপের আকাশে দুটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিতের দাবি ইরানের – DesheBideshe
মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন

তেহরান,০৭ নভেম্বর-ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেশটির কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের দুটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে বলে দাবি করেছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছেই এ ঘটনা ঘটেছে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে জানানো হয়, কেশম দ্বীপের সুজা এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানতে দেখেছেন স্থানীয় বাসিন্দারা। তবে ওই ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু কী ছিল, সে বিষয়ে প্রাথমিক প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি।

হরমুজ প্রণালির উত্তর উপকূলের কাছে অবস্থিত কেশম দ্বীপ ইরানের গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান। পারস্য উপসাগর থেকে ওমান উপসাগরে প্রবেশের পথের কাছাকাছি হওয়ায় সামরিক ও ভৌগোলিক দিক থেকে দ্বীপটির বিশেষ গুরুত্ব রয়েছে। এ কারণে সেখানে যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করার ইরানের দাবি দুই দেশের চলমান সামরিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।

এদিকে কেশম দ্বীপে বিস্ফোরণের ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দ্বীপটিতে ইরানের একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ওপর সীমিত হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তার ভাষ্য অনুযায়ী, ওই প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করতে ১৫ মিনিট সময় লেগেছে।

তবে ইরানের দুটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে ড্রোন দুটি সত্যিই ধ্বংস হয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। ফলে এ অঞ্চলে সামরিক সংঘাত বাড়লে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং সমুদ্রপথে বাণিজ্য আরও অনিশ্চয়তার মুখে পড়তে পারে।

এস এম/ ০৭ নভেম্বর ২০২৬