রানাতুঙ্গাদের লিগ এখন কচিকাঁচার মেলা

রানাতুঙ্গাদের লিগ এখন কচিকাঁচার মেলা

সিলেটের ক্রিকেটারদের আড্ডায় একটা ম্যাচের কথা প্রায়ই আসে। ১৯৮৮ সালে সিলেট ক্রিকেট লিগে জিমখানা-অনির্বাণের ম্যাচে মাঠভর্তি দর্শকের সামনে অনির্বাণ প্রথমে ব্যাট করে ২১২ রান করেছিল। সেই ম্যাচ হয়েছিল টাই। তবে ম্যাচটা এখনো স্মরণীয় সে কারণে নয়। সেই ম্যাচ এখনো আলোচনার উপজীব্য; কারণ, সেদিন অনির্বাণের হয়ে খেলেছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটার অর্জুনা রানাতুঙ্গা, যাঁর নেতৃত্বে পরে বিশ্বকাপও জিতেছে শ্রীলঙ্কা। জিমখানা দলে বিদেশি ক্রিকেটার না থাকলেও ছিলেন তখনকার বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার গোলাম ফারুক।

পরে সিলেটের মাঠে খেলে গেছেন শ্রীলঙ্কার রুমেশ কালুভিথারানা, অশোকা ডি সিলভারা। খেলেছেন ভারতের প্রয়াত ক্রিকেটার রমন লাম্বা, অজয় শর্মাও। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা তো এখানকার লিগে নিয়মিতই খেলতেন। গোলাম ফারুক ছাড়াও সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন, মিনহাজুল আবেদীন, আমিনুল ইসলাম, আকরাম খানদের স্মৃতিতেও এখনো সিলেট লিগের জমজমাট ছবিটা স্পষ্ট। ভালো পারিশ্রমিক ছিল, ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট।