<![CDATA[
মেহেরপুর জেলার গাংনী উপজেলার ষোলোটাকা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম হত্যা মামলায় বাবা-ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কুমার বিশ্বাস এ রায় দেন। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, গাংনী উপজেলার ষোলোটাকা ইউনিয়নের আবদুল মালেক ও তার ছেলে আলমগীর হোসেন।
মামলায় অপর আসামিদের মধ্যে একজন প্রবাসে পলাতক অবস্থায় মৃত্যুবরণ করেন। বাকি আসামিরা বেকসুর খালাস পান।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৫ মে সকাল সাড়ে ৯টার দিকে দীর্ঘদিনের জমিজমাসংক্রান্ত বিরোধের জের ধরে তৎকালীন ষোলোটাকা ইউপি সদস্য আবুল কালামকে ধারালো রামদা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন আবুল কালামের ভাতিজা ফারুক হোসেন বাদী হয়ে আবদুল মালেক ও আলমগীর হোসেনসহ ১২ জনের বিরুদ্ধে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যায় চারজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন
মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট কাজী শহীদুল হক এবং আসামিপক্ষে অ্যাডভোকেট একেএম শফিকুল আলম আইনজীবী হিসেবে ছিলেন। মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে বিচারক এ রায় দেন।
মামলায় তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন গাংনী থানার এসআই শহীদুল ইসলাম।
]]>


