চতুর্থ শ্রেণির পদে আবেদন ফি ৫৫০, চাকরিপ্রার্থীদের ক্ষোভ

চতুর্থ শ্রেণির পদে আবেদন ফি ৫৫০, চাকরিপ্রার্থীদের ক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাস করা চাকরিপ্রার্থী মাসুম আহমেদ প্রথম আলোকে বলেন, সরকার সব চাকরির আবেদন ফি নির্দিষ্ট করে দিলেও অনেক প্রতিষ্ঠান মানছে না। বেকারদের প্রতি ন্যূনতম সহানুভূতি থাকলে কোনো প্রতিষ্ঠান চতুর্থ শ্রেণির পদে ৫০০ টাকা আবেদন ফি চাইতে পারে না। বিশ্ববিদ্যালয় নিয়োগ কমিটি বেকারদের কাছ থেকে বেশি টাকা আদায়ের জন্য এত বেশি ফি ধরেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা আরেকজন চাকরিপ্রার্থী আশীষ চৌধুরী প্রথম আলোকে বলেন, টাকা ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোয় নিয়োগ হয় না, এটা যেন নিয়ম হয়ে গেছে। এমনিতেই ছোট পদ, তারপরও এত বেশি আবেদন ফি অযৌক্তিক।

এ বিষয়ে জানতে চাইলে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ প্রথম আলোকে বলেন, বিজ্ঞপ্তিটি করোনার আগের। সে সময় করোনার কারণে নিয়োগ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এ কারণে বিজ্ঞপ্তিটি আগে যেভাবে ছিল, সেভাবেই আবার বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে।

আবেদন ফি বেশি নেওয়ার কারণ জানতে চাইলে রেজিস্ট্রার বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে চাকরির পরীক্ষা নেওয়ার মতো কোনো অবকাঠামো নেই। পরীক্ষা নিতে বিভিন্ন কেন্দ্র ভাড়া করতে হবে। এতে অনেক খরচ হয়ে যাবে। যেহেতু পরীক্ষাসংক্রান্ত ব্যয় বেশি, তাই আবেদন ফিও বেশি।’