<![CDATA[
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বিল্লাল হোসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ মার্চ) সকালে উপজেলার রমজাননগর এলাকার মজিদ গাজীর ঘেরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বিল্লাল হোসেন একই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয়রা জানান, ভোরে ঘেরের কর্মচারী মাছুম মণ্ডল ঘেরের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে থানা পুলিশের পরিদর্শক সেলিম রেজা মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
আরও পড়ুন: ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল স্কুলছাত্রের
নিহতের স্ত্রী আকলিমা খাতুন বলেন, ‘আমার স্বামী বিল্লাহ হোসেন বৃহস্পতিবার বাড়ি থেকে রাতে খেয়ে বের হওয়ার পর আর ফেরেনি। সকালে লোকমুখে শুনতে পাই তার মরদেহ মজিদ গাজীর ঘেরের পাশে পড়ে আছে। তাকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।’
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। হত্যা কি না সেটি তদন্ত ছাড়া বলা যাবে না। তবে পরিবারের দাবি হত্যা। পুলিশ তদন্ত শুরু করেছে। পরে বিস্তারিত জানা যাবে।
]]>


