<![CDATA[
রাজধানীর তুরাগে মাদক মামলার আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে শাহিনুর রহমান খান (৪৫) নামে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছে। তিনি তুরাগ থানার উপপরিদর্শক হিসেবে কর্মরত আছেন।
শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তুরাগ ফুলবাড়িয়া টেকপাড়া এলাকায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুত হাওলাদার জানান, ফুলবাড়িয়া টেকপাড়া এলাকায় বিল্লাল হাজীর বাড়ির ছাদে মাদকদ্রব্য বেচাকেনা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে এএসআই মো. মাহবুব আলম ও আনসার সদস্য মো. রকিবুলসহ ঘটনাস্থলে যান এসআই শাহিনুর রহমান খান।
আরও পড়ুন: স্ত্রীকে হত্যার পর পাগলের ছদ্মবেশ ধারণ করেন লতিফ!
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন পালিয়ে যায়। এসময় মাদক ব্যবসায়ী আব্দুর রউফ ছাদের পানির ট্যাংকের উপর থেকে লাফিয়ে নেমে এসআই শাহিনুরের বুকে ছুরিকাঘাত করে।
তিনি জানান, আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাতে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়।
]]>


