বিচারকের বদলির পর এবার প্রধান শিক্ষকের অপসারণের দাবি শিক্ষার্থীদের | বাংলাদেশ

বিচারকের বদলির পর এবার প্রধান শিক্ষকের অপসারণের দাবি শিক্ষার্থীদের | বাংলাদেশ

<![CDATA[

সরাসরি না বললেও, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ভয় ও ক্ষমতার প্রভাব দেখিয়ে মেয়ের সহপাঠীর অভিভাবককে পা ধরাতে বাধ্য করার অভিযোগ ওঠেছে বগুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বিরুদ্ধে।

২২ মার্চের এই ঘটনাটি নিয়ে সারাদেশে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি আমলে নিয়ে পরদিন বিকেলে অভিযুক্ত বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহার করে মন্ত্রণালয়ে সংযুক্ত করার বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে আইন মন্ত্রণালয়।

দ্রুতসময়ে মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে আন্দোলনরত শিক্ষার্থী ও অভিভাবকেরা। ন্যাক্কারজনক এই ঘটনার সঙ্গে প্রধান শিক্ষক ও শ্রেণি শিক্ষকের সরাসরি জড়িত থাকার অভিযোগ শুরু থেকেই করে আসছে শিক্ষার্থীরা। তবে জেলা প্রশাসকের দেয়া আশ্বাসের পর ৬ দিন পেরিয়ে গেলেও এখনও কোনো ব্যবস্থা না নেয়ায় অসন্তোষ অভিভাবক ও শিক্ষার্থীদের।

তদন্ত কমিটির আপডেট জানতে সোমবার (২৭ মার্চ) সাধারণ ছুটির মধ্যেও বাবা-মার সঙ্গে স্কুলে হাজির আন্দোলনকারীদের অনেকেই।

শিক্ষার্থীদের আবারও আন্দোলন করতে নাকি গণমাধ্যমকর্মীদের কেউ কেউ উষ্কে দিচ্ছেন– এমন মন্তব্য করার বিষয়টি নাকোচ করেন প্রধান শিক্ষক রাবেয়া খাতুন। এমনকি তদন্তে নিরপেক্ষতার স্বার্থে শিক্ষার্থী, অভিভাবক কিংবা শিক্ষকদের সঙ্গে তার কোনো কথা হয়নি বলেও দাবি তার। তিনি বলেন, আমি শিক্ষার্থীদের সাথে কোনো কথা বলিনি। আর আমি এখন তদন্তের অধীন। এ জন্য এসব বিষয়ে আর কোনো কথা বলব না। তদন্ত শেষ হলে বলব। কারণ আমিও পরিস্থিতির শিকার হয়েছি।

আরও পড়ুন: বিচারিক ক্ষমতা হারালেন বগুড়ার সেই বিচারক

এদিকে তদন্তের অগ্রগতির ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, নিলুফার ইয়াসমিনকে প্রধান করে জেলা শিক্ষা অফিসার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মাঝে সাপ্তাহিক ও সরকারি ছুটি ছিলো। সোমবার থেকেই তদন্ত করতে কমিটি কাজ করছে। প্রতিটি অভিযোগকারীর সাক্ষাৎকার রেকর্ড করতে নির্দেশনা দেয়া হয়েছে। আমরা আপাতত মৌখিকভাবে উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। রিপোর্ট হাতে পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এ সময় রিপোর্ট না পাওয়া পর্যন্ত শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান করেন জেলা প্রশাসক।

এর আগে, বিচারকের মেয়ের শ্রেণিকক্ষ পরিষ্কারে অস্বীকৃতির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তিমূলক পোস্ট ও অভিভাবককে অপদস্ত করার প্রতিবাদে মঙ্গলবার (২১ মার্চ) বগুড়া সার্কিট হাউজের সামনের সড়ক অবরোধ করে সাধারণ শিক্ষার্থীরা।

]]>