<![CDATA[
আসছে বাংলা নববর্ষকে বরণ করে নিতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আয়োজন করা হবে বৈশাখী মেলা। প্রায় এক যুগের ধারাবাহিকতায় আগামী ১৩ মে কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে বসবে এই মেলা। আয়োজন করবে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম এসোসিয়েশন (এমবিএফএ)।
আসন্ন বাংলা নববর্ষ উপলক্ষে মালয়েশিয়ার বাঙালি কমিউনিটির মধ্যে চলছে ব্যাপক প্রস্তুতি। দিনটিকে ঘিরে সাজসাজ রব। উৎসব আমেজে নতুন বছরকে স্বাগত জানাবে প্রবাসী বাংলাদেশিরা।
বর্ষবরণ উৎসবে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সমবেত হবেন। পোশাকে-আশাকে, সাজ-সজ্জায়, ভোজে-আড্ডায় দিনটিকে ষোলো আনা বাঙালিয়ানায় উদযাপন করবে হাজারো বাঙালি। দিনটিকে আরও উপভোগ্য করে তুলতে কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে বসবে বাঙালির চিরন্তর ঐতিহ্য বৈশাখী মেলা। দিনব্যাপী মেলা সকাল ১০টায় শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।
আয়োজকদের প্রত্যাশা, বিগত বছরের ন্যায় এবারও দলে দলে মেলায় অংশ নেবেন প্রবাসী বাংলাদেশিরা। প্রায় ৩০ হাজার বাঙালি মেলায় সমবেত হবেন বলে মনে করা হচ্ছে। এবারের মেলায় ক্রাফট কমপ্লেক্সে মূল মঞ্চে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সংগীত-নৃত্য-কবিতা, ফ্যাশন শো, স্মৃতিচারণা ও মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন থাকবে।
আরও পড়ুন: বিশ্বজুড়ে বর্ণিল আয়োজনে নববর্ষ উদ্যাপন
স্থানীয় বিভিন্ন সংগঠন ও শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ থেকেও যোগ দেবেন প্রখ্যাত সংগীত শিল্পীরা। এসব শিল্পীদের মধ্যে থাকবে বাংলাদেশের খ্যাতিমান শিল্পী শুভ্র দেব, নতুন প্রজন্মের ক্রেজ দিলশাদ নাহার কনা ও চিরকুটের পিন্টু ঘোষ।
এছাড়া আন্তর্জাতিক ফ্যাশন আইকন বিবি রাসেলও মেলায় উপস্থিত থাকবেন বলে জানিয়েছে আয়োজক কমিটি। লোক সমাগম এবং আয়োজনের ব্যাপকতায় মালয়েশিয়ার বৈশাখী মেলাকেই বাংলাদেশের বাইরে বর্ষবরণের বড় আয়োজন বলে মনে করেন আয়োজকেরা।
প্রায় এক যুগ ধরে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হওয়ায় কুয়ালালামপুরের বৈশাখী মেলাকে মালয়েশিয়ার মূলস্রোত আর দেশটির জনপ্রশাসনও অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। প্রতি বছর বাংলাদেশের খ্যাতনামা ব্যক্তিবর্গের পাশাপাশি মালয়েশিয়ান মন্ত্রী এবং বাংলাদেশ হাই কমিশনের মান্যবর হাইকমিশনারসহ প্রশাসনের বিভিন্ন প্রতিনিধি কুয়ালালামপুর বৈশাখী মেলার মূল অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন।
দিনব্যাপী এই মেলায় দেশীয় খাবারের দোকান, পান্তা ইলিশ ছাড়াও দেশীয় পণ্যের ষ্টলগুলোতে থাকে মানুষের আকর্ষণ। মেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জাফর ফিরোজ জানান, বিদেশ-বিভুঁইয়ে নিজ দেশের কৃষ্টি, সংস্কৃতিকে তুলে ধরতেই কুয়ালালামপুরে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম এসোসিয়েশন (এমবিএফএ) এ মেলার আয়োজন করেছে।
আরও পড়ুন: বাংলা নববর্ষ: প্রাসঙ্গিকতা
কুয়ালালামপুর বৈশাখী মেলায় প্রতি বছরের মত এবছরও প্রবাসী বাংলাদেশিদের সাথে বিদেশিরা অংশ নিবে। মেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক আউয়াল হোসেন রাজন জানান, দলমত নির্বিশেষে মালয়েশিয়ায় বসবাসরত বাঙালি-বাংলাদেশিদের বাংলা নববর্ষে বাঙালির এ প্রাণের মেলায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
এছাড়াও মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম এসোসিয়েশন (এমবিএফএ) সভাপতি নিসার কাদের বলেন, এ আয়োজনে প্রতিবছরের মতো এবারও যুক্ত হবে নতুনতর বিষয় ও ভিন্ন মাত্রার নানা আয়োজন। তিনি আয়োজকদের পক্ষ থেকে সবাইকে আসন্ন বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
]]>


