<![CDATA[
প্রথম ওয়ানডে ম্যাচ শেষে দ্বিতীয় ম্যাচটি শুরু হতে সময় লেগে গেল ৪৯০ দিন। দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এমনটাই ঘটেছে। সেটির কারণ অবশ্য করোনাভাইরাস। দীর্ঘদিন পরে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রোটিয়ারা জয় পেয়েছে ৮ উইকেটে।
শুক্রবার (৩১ মার্চ) দক্ষিণ আফ্রিকার বেননিতে ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। ম্যাচটিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে এসে ৪৬.১ ওভারে ১৮৯ রান তুলতেই গুটিয়ে যায় ডাচদের ইনিংস। জবাবে ৩০ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা।
আরও পড়ুন: ২ লাখ টাকা পুরস্কার দিয়ে সাকিবের মহানুভবতা
নেদারল্যান্ডসের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন তেজা নিদামানুরু। আর ৪৫ রান করেন ওপেনার বিক্রমজিৎ সিং। এর বাইরে বলার মতো স্কোর কেউ করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন সিসান্দা মাগালা ও তাবরেজ শামসি।
১৯০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে অপরাজিত থেকে ৯০ রান করেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। আর অপরাজিত ৫১ রান করেন এইডেন মার্করাম। এছাড়া রাসি ভ্যান ডের ডুসেন ৩১ ও কুইন্টন ডি কক করেন ৯ রান।
আরও পড়ুন: আইপিএলে সাকিব-লিটনদের খেলাবে কিনা, সন্দিহান পাপন
২০২১ সালের ২৬ নভেম্বর এই সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। সে সময়ে দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব দেখা দিলে বন্ধ হয়ে সিরিজের বাকি দুই ম্যাচ। এ বছর ৩১ মার্চ দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হলো। আর আগামী ২ এপ্রিল হবে শেষ ওয়ানডে। তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে প্রোটিয়ারা।
]]>


