<![CDATA[
বাস শ্রমিকদের মারধরের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কুষ্টিয়া থেকে ফরিদপুর-খুলনা রুটে সরাসরি বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বাস শ্রমিক ও মালিক গ্রুপ। শুক্রবার (০৭ এপ্রিল) সকাল থেকে এই ধর্মঘট চলবে।
বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত এই রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আক্তার হোসেন।
তিনি আরও জানান, ‘ঝিনাইদহ মোটর শ্রমিক নেতারা বাসের নতুন ট্রিপ চাচ্ছেন। এটা নিয়েই মনোমালিন্য সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে আমরা ঝিনাইদহের কালীগঞ্জে আলোচনায় বসি। এ সময় সেখানেই তারা বাসের স্টাফদের মারধর করে। এর প্রতিবাদে বাস শ্রমিক-মালিক গ্রুপ উভয় মিলে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরও পড়ুন: ১৫ এপ্রিল থেকে পরিবর্তিত রুটে চলাচল করবে জামালপুর এক্সপ্রেস ট্রেন
তিনি বলেন, খুলনা থেকে কাল (শুক্রবার) সকালে বাস কুষ্টিয়ায় আসবে না, কুষ্টিয়া থেকে বাস খুলনায় যাবে না। একই সঙ্গে ফরিদপুর রুটেও বাস চলাচল বন্ধ থাকবে। বাসের স্টাফদের মারধরের ঘটনায় জড়িতদের আগামী ১০ এপ্রিলের মধ্যে পুলিশ-প্রশাসন তাদের গ্রেফতার না করলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
বাস চলাচল বন্ধ থাকলে কুষ্টিয়া থেকে খুলনা ও ফরিদপুরে যেতে চরম দুর্ভোগে পড়বেন এসব রুটের শত শত যাত্রী।
]]>


