দেশের জন্য এর চেয়ে বড় বদনাম আর হতে পারে না, কেন বললেন পাপন | খেলা

দেশের জন্য এর চেয়ে বড় বদনাম আর হতে পারে না, কেন বললেন পাপন | খেলা

<![CDATA[

অলিম্পিক বাছাইপর্বে খেলতে মিয়ানমার যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের। কিন্তু ২০ লাখ টাকার অভাবে বাফুফে তাদের পাঠাতে পারেনি বলে জানিয়েছিলেন সংগঠনটির সভাপতি কাজী সালাউদ্দিন। টাকা ব্যবস্থা করতে না পারার ব্যর্থতাকে দেশের জন্য লজ্জাজনক মনে করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন নাজমুল। সেখানে নারী ফুটবল দলের মিয়ানমার যেতে না পারার প্রসঙ্গ উঠে এলে তিনি বলেন, ‘মেয়েরা যেতে পারল না। মাত্র ২০ লাখ টাকার জন্য। এর চেয়ে দুঃখ, কষ্ট…মাননীয় প্রধানমন্ত্রী কী কষ্টটাই না পেয়েছেন। বিশ্বাস করেন, আমি কারো সঙ্গে কথা বলিনি, আমাদের প্লেয়াররা দিয়ে দিত। খালি বলতো একবার। এত গোপনে জিনিসটা রেখে, যে প্রসেসে করেছে এটা খুব দুঃখজনক।’

আরও পড়ুন: ‘সাকিব-লিটন ছাড়াও বেশ কয়েকজনের ব্যাপারে আইপিএল জানতে চেয়েছিল’

বাফুফে টাকার ব্যবস্থা করতে না পারলেও সংগঠনটির পরিচালকদের প্রতিদিনের খরচই নাকি ২০ লাখ টাকার মতো- এমন কথাও বলেন পাপন। তিনি জানান, ‘অবিশ্বাস্য! বাফুফের পরিচালকরা ২০ লাখ টাকা দিতে পারে না? তাদের অনেকের প্রতিদিনের খরচই তো ২০ লাখ টাকা। আমার কাছে এটা আশ্চর্য লাগে। ওখানে হয়তো অন্য কিছু আছে! দুঃখজনক। দেশের জন্য এর চেয়ে বড় বদনাম আর হতে পারে না।’

আরও পড়ুন: আইপিএলে না যাওয়ায় আক্ষেপ নেই সাকিবের

দেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে পাপন যোগ করেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিকভাবে উন্নতি হচ্ছে। সারা পৃথিবী মেনে নিচ্ছে, সেখানে আমরা বলছি ২০ লাখ টাকার জন্য আমাদের দেশের মেয়েরা প্রিয় অলিম্পিক খেলতে যেতে পারে না। এর চেয়ে লজ্জার বিষয় আর হয় না। সে জন্য এ টপিক নিয়ে আমি কথাই বলতে চাই না। এদের (বাফুফে কর্মকর্তারা) সঙ্গে কথা বলার প্রশ্নই উঠে না।’

]]>