<![CDATA[
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।
শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মক্রমপুর ইউনিয়নের কুশিয়ারতলা গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত সন্দেহে পুলিশ ৬ জনকে আটক করেছে। নিহত জাহাঙ্গীর আলম কুশিয়ারতলা গ্রামের ধলাই মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, কুশিয়ারতলা গ্রামের কাছুম আলী ও সাবেক ইউপি সদস্য আজমান মিয়ার মধ্যে পূর্ব বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার সন্ধ্যায় দুপক্ষের লোকজন হাঁকডাক দিয়ে গ্রামের মাঠে সংঘর্ষে নেমে পড়েন। কয়েক ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: বরগুনায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের ধাওয়া পাল্টা ধাওয়া
সংঘর্ষে জাহাঙ্গীর আলমসহ উভয় পক্ষের অন্ত ৫০ জন আহত হন। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেছেন। তার গলার সামনে দিয়ে ফিকল ঢুকে পেছন দিক দিয়ে বের হয়। সংঘর্ষে আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার দে জানান, পুলিশ অন্তত ২০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। দাঙ্গায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ৬ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
]]>


