<![CDATA[
দিনাজপুরের চিরিরবন্দরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য উর্ধ্বগতি, মেয়াদোত্তীর্ণ মালামাল ও মূল্য তালিকা না থাকায় চার মুদি দোকানে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৮ এপ্রিল) সকালে উপজেলার রাণীরবন্দর বাজারে বাজারদর স্থিতিশীল রাখার লক্ষ্যে এ মনিটরিং করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় মেয়াদোত্তীর্ণ শুকনো খাবার, ধার্যকৃত মূল্যের অতিরিক্ত দামে সয়াবিন তেল, চিনি, মসুর ডালসহ নানা পণ্য বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ৪টি মামলায় ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
আরও পড়ুন: ম্যাজিস্ট্রেট এলে বাজার ফাঁকা, চলে গেলেই জমজমাট
এ সময় রাণীরবন্দর বাজারের মাছ হাটের সামনে জাহাঙ্গীর আলম, রবিউল ইসলাম, নুরুল হক ও জানকি মুদি দোকানিসহ প্রত্যেকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জনস্বার্থে এ বাজার মনিটরিং নিয়মিত চালিয়ে যাবেন বলে জানান সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা।
]]>



