<![CDATA[
বাংলাদেশে বর্তমান সরকারের অধীনেই গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে আশ্বস্ত করেছেন পররাষ্টমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার (১০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বৈঠক করেন দুই দেশের মন্ত্রী। বৈঠক শেষে সংবাদমাধ্যমকে এ কথা জানান মোমেন।
তিনি বলেন, বাংলাদেশে সুষ্ঠু ভোট দেখার আশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এজন্য তাকে আমরা এ বিষয়টি আশ্বস্ত করেছি।
বৈঠকে দুই দেশের অর্থনৈতিক বিষয়, বঙ্গবন্ধুর খুনির প্রত্যাবাসন, বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থানসহ নানা বিষয়ে কথা বলেছেন দুই নেতা। বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে অর্থনৈতিক অগ্রগতিতে যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে জানান ব্লিঙ্কেন।
আরও পড়ুন: ভারতের চেয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমের স্বাধীনতা বেশি: তথ্যমন্ত্রী
এছাড়া বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্ক নিয়ে নানামুখী আলোচনার মধ্যেই অনুষ্ঠিত হয়েছে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠক। এতে যোগ দিতে রোববার (৯ এপ্রিল) ওয়াশিংটনে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
এর আগে, ২০২২ সালের ৪ এপ্রিল এ দুই নেতার মধ্যে প্রথম বৈঠক হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা নেয়ার পর এটি দুই পররাষ্ট্রমন্ত্রীর দ্বিতীয় বৈঠক।
মোমেন-ব্লিঙ্কেন বৈঠক নিয়ে ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, গতবছরের এপ্রিলেই যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিল মোমেন-ব্লিঙ্কেন। ওই বৈঠকের পর দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বেড়েছে। এরপর দুদেশের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সিরিজ সফর বিনিময় হয়েছে।
আরও পড়ুন: লন্ডনে বসে তারেকের আইনি লড়াইয়ের সুযোগ নেই: অ্যাটর্নি জেনারেল
প্রসঙ্গত, গতবছরের ৪ এপ্রিল বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর দিনে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।
সবশেষ, চলতি বছরে মার্চের শুরুর দিকে নয়াদিল্লিতে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সময় ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল মোমেনের। তবে সেখানে আনুষ্ঠানিক বা সাইডলাইনে কোনো বৈঠক হয়নি দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে।
]]>



