<![CDATA[
ফেডারেশন কাপের সেমিফাইনালে উঠল ঢাকা আবাহনী। মঙ্গলবার (১১ এপ্রিল) কোয়ার্টার ফাইনালে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে আকাশি-নীলরা। স্কোর করেছেন আবাহনীর ব্রাজিলিয়ান রিক্রুট রাফায়েল অগাস্তো।
আবাহনীর বিপক্ষে সেয়ানে সেয়ানে লড়াই করে শেখ জামাল। প্রথম গোলটা পেতে পারত তারাই। ১৫ মিনিটের সময় যদি রায়হানের লং থ্রো থেকে মাথা ছোঁয়াতে পারতেন কর্নেলিয়াস। পরের মিনিটেই আবারো মিস। তবে এবার স্টুয়ার্ট পড়েন আলমগীর বাধায়। ২৪ মিনিটে দারুণ সুযোগ পায় আবাহনী। কিন্তু ড্যানিয়েল কলিন্দ্রেসের বাড়ানো বলটা ছুঁতে পারেননি আকাশি-নীলদের নাইজেরিয়ান ফরোয়ার্ড। দুই দলের গোল মিসের মহড়ায় শেষ হয় প্রথমার্ধ।
আরও পড়ুন: দিয়াবাতের হ্যাটট্রিক ও সতীর্থদের চমকে মোহামেডানের জয়
বিরতি থেকে ফিরেও উন্নতি হয়নি পরিস্থিতির। উলটো সংখ্যা যেন আরও বেড়ে যায় গোল মিসের। ৫৮ মিনিটে কলিন্দ্রেসের কর্নার থেকে দারুণ এক হেড করেছিলেন অগাস্তো। কিন্তু লক্ষ্যভ্রষ্ট এই হেড হতাশা বাড়ায় লেমোস বাহিনীর। পরে পালটা আক্রমণে হেড করেছিলেন জামালের নদিরবেগ। কিন্তু সোহেলের দৃঢ়তায় বেঁচে যায় আবাহনী।
৬৮ মিনিটে এগিয়ে যেতে পারত আকাশি-নীলরা। কিন্তু জাতীয় দলের ব্যর্থতা ক্লাব ফুটবলেও টেনে আনেন এলিটা কিংসলে। ফাইনাল টাচ করতে ব্যর্থ হন এ স্ট্রাইকার। পরে কাছাকাছি একটা সুযোগ পেয়েছিলো প্রতিপক্ষও। কিন্তু স্টুয়ার্ট বল পাঠিয়ে দেন পোস্টের উপর দিয়ে। শেষ পর্যন্ত ৮১ মিনিটে ভাঙে ডেডলক। দৃশ্যপটে হাজির হন আবাহনীর দুই বিদেশী রিক্রুট কলিন্দ্রেস এবং রাফায়েল। কোস্টারিকানের কর্নার থেকে গোল করেন ব্রাজিলিয়ান।
আরও পড়ুন: এএফসি উত্তরার কাছে পয়েন্ট খোয়াল বসুন্ধরা
যোগ করা সময়ে অবশ্য একটা সুযোগের জন্য রেফারির দিকে তেড়ে গিয়েছিল জামালের ফুটবলাররা। কিন্তু ডি-বক্সে হ্যান্ডবলের দাবিটা টেকেনি তাদের। শেষ পর্যন্ত নূন্যতম ব্যবধানের জয় নিয়েই সেমিতে উঠে যায় ১২ বারের ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন আবাহনী।
]]>



