জোড়া আত্মঘাতী গোল হজম করে সেভিয়ার সঙ্গে ড্র করল ইউনাইটেড

জোড়া আত্মঘাতী গোল হজম করে সেভিয়ার সঙ্গে ড্র করল ইউনাইটেড

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দুই গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। জোড়া আত্মঘাতী গোল হজম করে নিজেদের মাঠে ইউনাইটেড ড্র করল ২-২ গোলে। একই রাতের আরেক ম্যাচে ঘরের মাঠে কষ্টে জিতেছে জুভেন্টাস। সিরি ‘আ’র সবচেয়ে সফলতম দলটি হারিয়েছে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনকে। অন্য ম্যাচে ফেইনুর্ডের কাছে ১-০ গোলে হেরে গেছে এএস রোমা। ম্যাটস ‍ওইফেরেরে ৫৩ মিনিটের মাথায় করা গোলটিই গড়ে দিয়েছে পার্থক্য।

ওল্ড ট্রাফোর্ডে সেভিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন

(ইউনাইটেড ২: ২ সেভিয়া)

শক্তি-সামর্থ্যে সেভিয়ার চেয়ে ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে থাকা দল। কিন্তু ইউরোপা লিগ মানেই তো সেভিয়া। প্রতিযোগিতার সবচেয়ে সফলতম দল বলে কথা। এখন পর্যন্ত সর্বোচ্চ ৬ বার ইউরোপা লিগের শিরোপা জিতেছে আন্দালুসিয়ান ক্লাবটি। তাই ইউনাইটেড-সেভিয়া ম্যাচে নিরঙ্কুশ ফেবারিট বলা যাচ্ছিল না কাউকেই।

তবে এরিক টেন হাগের বদলে যাওয়া ইউনাইটেডের শ্রেষ্ঠত্ব প্রমাণে সময় লাগল মাত্র ২১ মিনিট। ততক্ষণে ওল্ড ট্রাফোর্ডের দলটির লিড যে ২-০ গোলের। শীতকালীন দলবদলে ধারে খেলতে আসা অস্ট্রিয়ান ফরোয়ার্ড মার্সেল সাবিতজারের জোড়া গোলেই প্রথমার্ধে দাপট ইউনাইটেডরই।