বছর ঘুরে আবার এল বৈশাখ। নববর্ষের দিনে উৎসবের রং ছড়াতে আজ দিনভর টিভিতে প্রচারিত হবে নাটক ও গানের আয়োজন। পাশাপাশি সিনেমা ও ম্যাগাজিন অনুষ্ঠানও থাকছে।
টিভি নাটক
এনটিভিতে সকাল সাড়ে ৯টায় প্রচারিত হবে পয়লা বৈশাখের বিশেষ নাটক ‘শেষটা তুমি আমি’। হাসান রেজাউল পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস, সারিকা সাবাহ, শেহজাদ ওমর।
দুরন্ত টিভিতে বেলা একটায় প্রচারিত হবে ‘হৈ হৈ হল্লা’। মাতিয়া বানু শুকু রচিত নাটকটি পরিচালনা করেছেন তোফায়েল সরকার। এতে শিশু চরিত্রে অভিনয় করেছে যারার তাহের সোবহান, মানহা মেহজাবিন, আরিশা, পূর্ণ বড়ুয়া, সুমেধ চাকমা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, বৃন্দাবন দাস, আকতারুজ্জামান, পাভেল ইসলাম, ফখরুল ইসলাম। নাটকটি রাত ৯টায়ও প্রচারিত হবে।
চ্যানেল আইয়ে বেলা আড়াইটায় প্রচারিত হবে আজম খানের রচনা ও মৃত্যুঞ্জয় সরদারের পরিচালনায় সজল ও শেহতাজ জুটির টেলিছবি ‘একচিলতে রোদ্দুর’।
বৈশাখী টিভিতে রাত সাড়ে ৮টায় প্রচারিত হবে ‘বৈশাখের ভালোবাসা’। সিদ্দিকুর রহমানের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন আহসানুল মিনু, সাহেলা আক্তার, সিদ্দিক ও জাপানি অভিনেত্রী মাই আতানাবী।



