<![CDATA[
দুই মেয়াদে দশ বছর দায়িত্ব পালন শেষে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আগামী ২৪ এপ্রিল দায়িত্ব হস্তান্তর করবেন। তার বিদায় উপলক্ষে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানের আয়োজন করেন। যেখানে অংশ নিয়ে মো. আব্দুল হামিদ বলেন, আমার দুয়ার আপনাদের জন্য সব সময় খোলা। যখন দরকার তখনই আসবেন।
সোমবার (১৭ এপ্রিল) বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের জন্য আয়োজিত বিদায় অনুষ্ঠানে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে রাষ্ট্রপতি এ কথা বলেন।
এ সময় রাষ্ট্রপতির পদকে দায়িত্ব মনে করেই তার ওপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করেছেন বলে জানান আব্দুল হামিদ। বলেন, তিনি রাষ্ট্রপতি হলেও সবসময় নিজেকে এ দেশের সাধারণ মানুষ মনে করতেন। সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন।
বঙ্গভবনে সুদীর্ঘ ১০ বছরের বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রপতি পদটাকে একটা দায়িত্ব হিসেবে মনে করি। দীর্ঘ দশ বছরে খালাসী, খেদমতদার কিম্বা কর্মচারীদের কখনই অবহেলার চোখে দেখিনি। তিনি বলেন, আমার দুয়ার আপনাদের জন্য সব সময় খোলা। যখন দরকার তখনই আসবেন।
আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
বঙ্গভবনের উন্নয়নে তার নেয়া নানা পদক্ষেপ তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বঙ্গভবন বাংলাদেশের মর্যাদার প্রতীক। বঙ্গভবনের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখতে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের কাজ করার আহবান জানান আবদুল হামিদ।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস.এম সালাহউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান, রাষ্ট্রপতির ব্যক্তিগত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিকার আহমেদ আমিন ও রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদসহ বঙ্গভবনের কর্মচারীরা বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এরপর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ইফতারে অংশ নেন।
আবদুল হামিদ তার দুই মেয়াদে দশ বছর এক মাস তিনদিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে আগামী ২৪ এপ্রিল দায়িত্ব হস্তান্তর করবেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ওইদিন শপথের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করবেন।
]]>


