প্রথম আলোর খবর জানাচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘোষণার পর করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকারের গঠন করা করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি কিছু সুপারিশ দিয়েছে। এর মধ্যে করোনাকালে স্বাস্থ্য বিষয়ে অর্জনগুলো ধরে রাখা, করোনার টিকাকে জাতীয় কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার পাশাপাশি করোনাসংক্রান্ত পর্যবেক্ষণ চালু রাখার কথা বলা হয়েছে। কারিগরি কমিটির সুপারিশ মূল্যায়ন করে স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে বলে আমরা আশা করি।
করোনা মহামারির ধাক্কায় সারা বিশ্বের স্বাস্থ্যব্যবস্থাকে তছনছ করে দেয়। ধনী দেশগুলো তাদের বিশাল সম্পদ দিয়েও একেবারে শুরুর দিকে অভাবনীয় এ পরিস্থিতি মোকাবিলায় অনেকটাই ব্যর্থ হয়। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ, স্বল্প সম্পদ, ভঙ্গুর ও অপ্রতুল স্বাস্থ্য অবকাঠামো এবং বৈষম্যপূর্ণ স্বাস্থ্যসেবার দেশে মহামারি মোকাবিলার চ্যালেঞ্জ ছিল পর্বতপ্রমাণ।
ভুলভ্রান্তি, অব্যবস্থাপনা ও দুর্নীতির অভিযোগের পরও সামগ্রিক বিচারে করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ ভালো করেছে। বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সময়োচিত পদক্ষেপ নেওয়ায় সেটা সম্ভব হয়েছে।



