<![CDATA[
নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুকুরের পানিতে গোসলে নেমে ডুবে ছাত্রলীগ নেতা সহিদুল ইসলাম রবিনের (২৭) মৃত্যু হয়েছে। গোসলে নামার পর স্ট্রোক করে পানিতে মৃত্যু হয়েছে বলে ধারণা পরিবারের।
শনিবার (১২ আগস্ট) সকাল ১০টায় রবিনের নিজ বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। রবিন উপজেলার ৯ নং নবীপুর ইউনিয়নের নবীপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং সেনবাগ উপজেলা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
জানা যায়, গত বৃহস্পতিবার শরীরে জ্বর নিয়ে ঢাকা থেকে নোয়াখালী আসেন রবিন। সকালে তাদের নিজ বাড়ির পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় সে। পানিতে ডুব দিয়ে দীর্ঘক্ষণ না উঠায় পুকুরের অপর পাড়ে থাকা রবিনের মা তাৎক্ষণিক চিৎকার করলে স্থানীয়রা রবিনকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গাজীপুর থেকে অপহরণের ছয়দিন ঝালকাঠিতে শিশু উদ্ধার
নবীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পানিতে গোসল করতে নেমে সেখানে স্ট্রোক করেই তার মৃত্যু হয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে কেউ থানায় এসে অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
]]>



