‘অভিনয় করে ফ্ল্যাট-গাড়ি-বাড়ি করেছি’ | চ্যানেল আই অনলাইন

‘অভিনয় করে ফ্ল্যাট-গাড়ি-বাড়ি করেছি’ | চ্যানেল আই অনলাইন

একসময় অভিনয়কে পেশা হিসেবে নিতে ভয় পেতেন অনেকে। এই পেশাকে তেমন সম্মানের চোখেও দেখা হতো না। তবে সময়ের সঙ্গে বদলেছে সেই বাস্তবতা। এখন অভিনয় করে অনেক শিল্পী স্বাবলম্বী হয়েছেন, গড়েছেন ফ্ল্যাট, গাড়ি ও বাড়ি। সন্তানদের পড়াচ্ছেন ভালো শিক্ষা প্রতিষ্ঠানে। অভিনয় পেশার এই পরিবর্তিত আর্থিক বাস্তবতা নিয়ে কথা বলেছেন অভিনেতা আ খ ম হাসান।

একটি বেসরকারি টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রচারিত ‘দ্য আরজে কিবরিয়া শো’-তে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের ক্যারিয়ার ও অভিনয় পেশার বর্তমান বাস্তবতা নিয়ে কথা বলেন তিনি।

আ খ ম হাসান বলেন, এখন একজন শিল্পীকে এক ঘণ্টার নাটকে এক বা দুই দিনে ৩ লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়। তবে যেসব শিল্পীর নাটকে বেশি ভিউ হয়, তাদের পারিশ্রমিকও সে অনুযায়ী দেওয়া হয়।

অভিনয়ের মাধ্যমে নিজের ও সমসাময়িক অনেক শিল্পীর আর্থিক সাফল্যের কথা তুলে ধরে তিনি জানান, অভিনয় করে তিনি নিজেও ফ্ল্যাট, গাড়ি ও বাড়ি করেছেন। একইভাবে তার সমসাময়িক অনেকেই অভিনয় করে স্বাবলম্বী হয়েছেন এবং সন্তানদের ভালো স্কুলে পড়াচ্ছেন।

অভিনয় পেশা নিয়ে আগের সময়ের সামাজিক দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করে আ খ ম হাসান বলেন, ‘আগে নানা-নানীরা বলতো, যাত্রা-অভিনয় করে ফাতরারা। এখন আর সেই দিন নাই।’

তিনি বলেন, বর্তমানে অভিনয়ের নানা মাধ্যম তৈরি হয়েছে। ফলে অভিনয় পেশার সুযোগও বেড়েছে। ক্যারিয়ারের ২৩ বছর পার হলেও তার ব্যস্ততা দিনদিন বাড়ছে বলে জানান এই অভিনেতা।

সম্প্রতি আ খ ম হাসান অভিনীত ‘লাইফলাইন’ নামে একটি ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। এতে সন্তানকে বাঁচাতে নিজের কিডনি হারানো এক বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

‘লাইফলাইন’ মুক্তির পর নিজের অভিনয় নিয়ে আ খ ম হাসান বলেছিলেন, আগে তিনি যে ধরনের কাজে অভ্যস্ত ছিলেন, পরিচালক-প্রযোজকরা মূলত সেসব চরিত্রেই তাকে নিতেন। এ ক্ষেত্রে নিজের পছন্দের ভূমিকা বেছে নেওয়ার সুযোগ খুব একটা ছিল না।

তবে ‘লাইফলাইন’কে নিজের ক্যারিয়ারের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন তিনি। তার ভাষায়, ‘এই কাজটি দিয়ে আমার দ্বিতীয় ইনিংস শুরু হতেও পারে।’

নতুন প্রজন্মের দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি মনে করি, এই জেনারেশনের প্রত্যেকটা সন্তানের ‘লাইফলাইন’ দেখা উচিত।’