LATEST
মার্কিন জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’ কেন সাগরে ডুবিয়ে দেওয়া হলো বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, কত হলো দাম? Auckland bus driver on toilet struggles, passenger abuse and joy of the job বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা How a vaccine could prevent this debilitating women’s health condition হরমুজ প্রণালিতে অচলাবস্থা: কয়েক দশক পর সিরিয়ার মরুপথে তেল রপ্তানি শুরু করল ইরাক ধানমণ্ডিতে ছাত্রদল নেতাকর্মীদের মারধর: বারের ব্যবস্থাপক-বাউন্সারসহ ১১ জন কারাগারে লিসবনের হাসপাতালে কোমায় থাকা প্রবাসী বাংলাদেশিকে দেখতে ছুটে গেলেন রাষ্ট্রদূত
Global

অভিযোজন খাতে বছরে ১২০ বিলিয়ন ডলার অর্থায়ন চায় বাংলাদেশ

অভিযোজন খাতে বছরে ১২০ বিলিয়ন ডলার অর্থায়ন চায় বাংলাদেশ

তুরস্ক: তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১) থেকে অভিযোজন খাতে বছরে ১২০ বিলিয়ন ডলার অর্থায়নের দাবি জানিয়েছে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জোট। এই অর্থায়ন ২০৩৫ সালের আগেই তিন গুণ করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় আরও অর্থ, সহজ শর্তে তহবিলপ্রাপ্তি এবং দ্রুত অর্থ ছাড়ের দাবি জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (১৩ নভেম্বর) আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি ও আলোচনার অগ্রগতি তুলে ধরেন বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম প্রমুখ।

লিখিত বক্তব্যে বলা হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রম জোরদার করতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে ০.৫ শতাংশেরও কম অবদান রাখলেও ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা, তাপপ্রবাহসহ নানা জলবায়ু ঝুঁকির মুখে রয়েছে।

বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) ২০২৬ সালের জলবায়ু হালনাগাদ তথ্যানুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৈশ্বিক তাপমাত্রা প্রাক্‌-শিল্পায়ন সময়ের তুলনায় প্রায় ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

বাংলাদেশের জলবায়ু পদক্ষেপের বিষয়ে বক্তব্যে জানানো হয়, জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে স্বাভাবিক গতিধারার (বিএইউ) তুলনায় নিঃসরণ ৬ দশমিক ৩৯ শতাংশ কমানোর লক্ষ্য রয়েছে। আন্তর্জাতিক সহায়তা পাওয়া গেলে এই হ্রাসের পরিমাণ আরও ১৩ দশমিক ৯২ শতাংশ বাড়ানো সম্ভব হবে।

এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি, ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন, জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন, বৃক্ষরোপণ, খাল পুনরুদ্ধার, আগাম সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালী করা এবং স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। এসব উদ্যোগের মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি সবুজ কর্মসংস্থান সৃষ্টি ও জলবায়ু সহনশীলতা বাড়ানোর সুযোগ রয়েছে বলে বক্তব্যে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জলবায়ু বিনিয়োগ তহবিল (সিআইএফ) গত বৃহস্পতিবার ঘোষণা করেছে, বাংলাদেশসহ প্রথম পাঁচটি দেশ প্রত্যেকে ৩ কোটি মার্কিন ডলার করে পাওয়ার প্রত্যাশা রয়েছে। এই অর্থ উপকূলীয় অবকাঠামো শক্তিশালী করা এবং জলবায়ুবান্ধব কৃষি সম্প্রসারণে ব্যয় করা হবে।

কপ-৩১-এর আলোচনার অগ্রগতি তুলে ধরে বাংলাদেশের প্রতিনিধিদল জানায়, জলবায়ু অর্থায়ন এখনো আলোচনার অন্যতম প্রধান বিষয়। অভিযোজন খাতে অর্থায়ন বাড়ানোর পাশাপাশি গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি ও অ্যাডাপটেশন ফান্ড থেকে সহজে সরাসরি অর্থ পাওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

অভিযোজনের বৈশ্বিক লক্ষ্য বাস্তবায়নে বেলেম অভিযোজন সূচক ও বেলেম-আদ্দিস ভিশন কার্যকর করার বিষয়ে আলোচনা চলছে। বাংলাদেশ এমন সূচক চায়, যার মাধ্যমে জলবায়ু সহনশীলতার বাস্তব উন্নতি পরিমাপ করা যাবে, তবে অতিরিক্ত প্রতিবেদন তৈরির চাপ সৃষ্টি হবে না। একই সঙ্গে জাতীয় অভিযোজন পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন এবং স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রমে অর্থায়নের দাবি জানানো হয়েছে।

জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় গঠিত তহবিলের (এফআরএলডি) অর্থের অপ্রতুলতা নিয়েও উদ্বেগ জানিয়েছে স্বল্পোন্নত দেশগুলো। এ ক্ষেত্রে বাংলাদেশ তহবিলে অর্থ বাড়ানো, সহজে অর্থ পাওয়ার সুযোগ, দ্রুত অর্থ ছাড় এবং অর্থনৈতিক ও অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি মোকাবিলায় সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছে।

এ ছাড়া ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সীমার লক্ষ্য অর্জনে নিঃসরণ কমানোর কার্যক্রম অব্যাহত রাখার ওপর জোর দিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের পরও মিটিগেশন ওয়ার্ক প্রোগ্রাম ২০৩০ সাল পর্যন্ত চালু রাখার পক্ষে অবস্থান নিয়েছে দেশটি। এ কর্মসূচিতে অর্থায়ন, প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধির সহায়তার মাধ্যমে খাতভিত্তিক বাস্তবসম্মত উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।

ন্যায্য জ্বালানি রূপান্তরের ক্ষেত্রে শ্রমিক, কৃষক, নারী, তরুণ, অনানুষ্ঠানিক খাতের কর্মী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষার ওপরও গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এ জন্য শোভন কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ও পরিচ্ছন্ন প্রযুক্তির সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

প্যারিস চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদের আওতায় আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও ন্যায্য ও সহজলভ্য ব্যবস্থা চেয়েছে বাংলাদেশ। বিশেষ করে স্বল্পোন্নত ও ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোর ওপর অতিরিক্ত আর্থিক বা প্রশাসনিক বাধা আরোপ না করার আহ্বান জানানো হয়েছে।

জলবায়ু পর্যবেক্ষণ, আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং আবহাওয়া ও জলবায়ু তথ্যসেবা জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, জলবায়ু প্রযুক্তি কেন্দ্র ও নেটওয়ার্কের জন্য পর্যাপ্ত অর্থায়ন এবং বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজমসহ একতরফা জলবায়ু-সম্পর্কিত বাণিজ্যিক পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বাংলাদেশের মতে, এ ধরনের পদক্ষেপ উন্নয়নশীল দেশের শিল্পপ্রতিষ্ঠান, শ্রমিক ও রপ্তানি খাতের ওপর অসম প্রভাব ফেলতে পারে। জলবায়ুনীতিতে ন্যায্যতা, আন্তর্জাতিক সহযোগিতা এবং দেশগুলোর সক্ষমতা ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কপ-৩১-এর দ্বিতীয় সপ্তাহে এলডিসি গ্রুপ, জি-৭৭ ও চীন এবং অন্যান্য সহযোগী দেশের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশের প্রতিনিধিদল।

বাংলাদেশের প্রত্যাশার মধ্যে রয়েছে—জলবায়ু অর্থায়ন বাড়ানোর সুস্পষ্ট পথনির্দেশনা, জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নে অর্থ ও প্রযুক্তি সহায়তা, ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিল শক্তিশালী করা, নিঃসরণ হ্রাস কর্মসূচি অব্যাহত রাখা এবং জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ন্যায্য সহযোগিতা নিশ্চিত করা।

লিখিত বক্তব্যে বলা হয়, বাংলাদেশের কাছে জলবায়ু আলোচনা শুধু সিদ্ধান্ত গ্রহণের বিষয় নয়; বরং এসব সিদ্ধান্তের সুফল ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিশ্রুত সহায়তা মানুষের জীবন-জীবিকা সুরক্ষা এবং জলবায়ু সহনশীল ভবিষ্যৎ গড়তে কতটা ভূমিকা রাখছে, তার ওপরই কপ-৩১-এর সাফল্য নির্ভর করবে।

The post অভিযোজন খাতে বছরে ১২০ বিলিয়ন ডলার অর্থায়ন চায় বাংলাদেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Global

View all

Latest news