<![CDATA[
পিছিয়ে যাবে বাংলাদেশ ফুটবলের উন্নয়ন কার্যক্রম। বাফুফে প্রস্তাবিত ডিপিপি স্থগিত হয়ে যাওয়ায় এমন শঙ্কা প্রকাশ করেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন। এমনকি বাফুফে এলিট একাডেমি অর্থাভাবে বন্ধ হয়ে যেতে পারে বলেও হতাশা প্রকাশ করেন তিনি। তবে অর্থ মন্ত্রণালয় ডিপিপি স্থগিত করলেও, আবারও তা উত্থাপিত করা হবে জানান বাফুফে-বস।
অর্থসংকট দেখিয়ে বাফুফে প্রস্তাবিত ডিপিপি গত মাসে স্থগিত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। অথচ এই ডিপিপির সঙ্গে সম্পৃক্ত ছিল ফেডারেশনের আগামী পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা।
বাফুফে প্রস্তাবিত প্রায় সাড়ে পাঁচশ কোটি টাকার এই প্রজেক্টে জোর দেয়া হয়েছিল জাতীয় দলের উন্নয়ন। এ ছাড়াও বিশেষ পরিকল্পনা ছিল একাডেমি নিয়ে। তবে ডিপিপি স্থগিত হওয়ায় সবকিছুই এখন হুমকির মুখে।
বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘খেলার মতো মাঠ নেই। যেসব স্টেডিয়াম আছে, চলে না। এই সবকিছু নিশ্চিত না করলে ফুটবলের উন্নয়ন সম্ভব নয়। অর্থ মন্ত্রণালয় প্রস্তাবিত উন্নয়ন প্রকল্প স্থগিত করে রেখেছে।’
আরও পড়ুন: ৫০০ কোটি টাকার প্রকল্প স্থগিত হওয়ায় বিপাকে বাফুফে
বেশ কিছুদিন ধরে নিজস্ব অর্থায়নে কমলাপুর এলিট একাডেমি পরিচালনা করছে বাফুফে। সেখানে রয়েছে অর্থের টানাটানি। ফেডারেশনের পরিকল্পনা ছিল ডিপিপি থেকে অর্থ এলে আধুনিকায়ন করা হবে সেটি। এখন প্রকল্প স্থগিত হওয়ায় এলিট একাডেমির ভবিষ্যৎ নিয়েও শঙ্কা প্রকাশ করেন ফেডারেশন কর্তা।
এ বিষয়ে সালাহউদ্দিন বলেন, ‘আমাদের যতটুকু শক্তি আছে, আমরা চেষ্টা করে যাচ্ছি ধরে রাখতে। কিন্তু কতদিন পারব জানি না। বন্ধ হয়ে যেতে পারে। এখন আমরা ফেডারেশনের কিছু লোক মিলে এখান থেকে, ওখান থেকে ফান্ড এনে চালাচ্ছি। কিন্তু এটা কঠিন হয়ে যাচ্ছে।’
আরও পড়ুন: এলিটার অভিষেকের ম্যাচে কাজির গোলে জিতল বাংলাদেশ
তবে ডিপিপি স্থগিত হলেও হাল ছাড়ছে না ফুটবল ফেডারেশন। কিছু সংযোজন-বিয়োজন করে আবারও তা উত্থাপিত করা হবে বলে জানান সালাহউদ্দিন।
]]>


