দীর্ঘ ১৮ বছর পরে চার সপ্তাহের জন্য কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন মোংলার বাদল ফরাজী। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বাগেরহাট জেলা কারাগার থেকে পুলিশ প্রহরায় তাকে মোংলা পৌরসভার কুমারখালী এলাকার নিজ বাড়িতে পাঠানো হয়।
এর আগে এদিন দুপুর ২টা ২৫ মিনিটে কাশিমপুর কারাগার থেকে তাকে বাগেরহাট জেলা কারাগারে আনা হয়। দীর্ঘ দাপ্তরিক কার্যক্রম শেষে তাকে মোংলার উদ্দেশে পাঠানো হয়। দীর্ঘদিন পর ছেলেকে কাছে পাওয়ার অপেক্ষায় পথ চেয়ে বসে আছেন তার বৃদ্ধ মা শিফালী বেগম।
বাদল ফরাজী মোংলা পৌরসভার কুমারখালী এলাকার বাসিন্দা। ২০০৮ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় পর্যটক ভিসায় ভারতের আগ্রার তাজমহল দেখতে যান তিনি। বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর একটি হত্যা মামলায় নামের মিল থাকায় তাকে আটক করা হয়। ওই মামলার আসামি ছিলেন বাদল সিং নামের এক ব্যক্তি। নামের মিলের কারণে নির্দোষ বাদল ফরাজীকে ভুলভাবে মামলায় জড়ানো হয়েছে বলে তার পরিবার ও স্থানীয়দের অভিযোগ।
পরে ভারতীয় আদালতে সাজা পেয়ে দেশটির কারাগারে ১০ বছর কাটান তিনি। বন্দি স্থানান্তর চুক্তির আওতায় দেশে ফেরার পর বাংলাদেশের কারাগারেও আরও আট বছর বন্দিজীবন কাটাতে হয় তাকে।
এই সময়ে বিভিন্ন সময় ভারতের দিল্লি হাইকোর্টে বাদলের আইনজীবীরা বাদলকে প্যারোলের অনুমতির জন্য আবেদন করেছিলেন। আদালতের নির্দেশনার পর বাংলাদেশে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয় এবং গত ২৫ অক্টোবর তার বোন আকলিমা বেগম প্যারোলের জন্য আবেদন করেন। তার বোনের আবেদনের প্রেক্ষিতে মায়ের অসুস্থতা ও মানবিক দিক বিবেচনায় আদালত ৪ সপ্তাহের জন্য বাদলকে মুক্তির আদেশ দেয়।
তবে প্যারোলে মুক্তির খবরে স্বস্তির পাশাপাশি ক্ষোভও রয়েছে পরিবারের সদস্যদের মধ্যে। বাদলের বড় বোন আকলিকা বেগম জানান, তার ভাইয়ের মুক্তির বিষয়ে পরিবারকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মঙ্গলবার সকালে পুলিশ তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছে। চার সপ্তাহের প্যারোলে মুক্তি দিয়ে কী লাভ, এমন প্রশ্ন তুলে তারা বাদলের স্থায়ী মুক্তির দাবি জানিয়েছেন।
পাঁচ ভাইবোনের মধ্যে বাদল দ্বিতীয়। তার তিন বোন ও দুই ভাই। দীর্ঘদিন ধরে পরিবারের বাইরে থাকায় স্বজনদের সঙ্গে তার স্বাভাবিক জীবনযাপনের সুযোগ হয়নি। বাবাও বাদল কারাগারে থাকাকালে মারা গেছেন। এখন বৃদ্ধ মা শিফালী বেগম ছেলের ফেরার অপেক্ষায় দিন গুনছেন।
বাদল ফরাজীর শিক্ষাপ্রতিষ্ঠান মোংলার সরকারি টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক তালুকদার মোহাম্মদ জিয়াদ হোসাইন বলেন, তাজমহল দেখতে ভারতে যাওয়ার আগে বাদল অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতেও ভালো ছিল। তার জানা মতে, বাদল কোনো অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিল না।
তিনি বলেন, একজন সাবেক শিক্ষার্থী হিসেবে বাদলের সুষ্ঠু বিচার ও ন্যায়বিচার পাওয়া উচিত।
স্থানীয়দেরও দাবি, নামের সামান্য ভুলের কারণে বাদলকে দীর্ঘ ১৮ বছর কারাগারে থাকতে হয়েছে। তাদের মতে, বাদল নির্দোষ হয়েও জীবনের গুরুত্বপূর্ণ সময় হারিয়েছেন। তারা তার স্থায়ী মুক্তি ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
দীর্ঘ ১৮ বছর পর বাদল বাড়ি ফিরছেন, এ খবরে স্বজনদের মধ্যে অপেক্ষা ও আবেগ তৈরি হয়েছে। তবে পরিবারের প্রত্যাশা, চার সপ্তাহের প্যারোলেই যেন তার মুক্তির বিষয়টি থেমে না থাকে। আইনি জটিলতার স্থায়ী সমাধানের মাধ্যমে বাদল যেন মায়ের কাছে থেকে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেই দাবি তাদের।
বাগেরহাট জেলা কারাগারের জেলার মোঃ আবু সাদ্দাত বলেন, বাদলকে প্যারোলে মুক্তির জন্য দাপ্তরিক কাজ শেষে তাকে মোংলার উদ্দেশে পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ে যেন প্যারোলের নীতিমালা মেনে চলেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেয়া হয়েছে।
আরও পড়ুন : সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সিঙ্গাপুরের, বাংলাদেশের অবস্থান ৯৭
বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, গাজীপুরের জেলা ম্যজিস্ট্রেটের আদেশে বাদলকে প্যারোলে মুক্তি দেয়া হয়েছে। সে যাতে প্যারোলের সকল নিয়মকানুন মেনে চলে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। আর তার স্থায়ী মুক্তির জন্য মন্ত্রলায় কাজ শুরু করেছে বলে জানান তিনি।
প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছে ZoomBangla-এ: অসুস্থ মাকে দেখতে ১৮ বছর পর প্যারোলে মুক্তি পেলেন মোংলার বাদল।