
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে অস্ট্রেলিয়ার মেয়েদের কাছে হেরে গেছে বাংলাদেশ। শুরুতে ব্যাটিং ব্যর্থতায় রানে সুবিধা করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। স্বল্প পুঁজির পর বোলিংয়েও কোন প্রতিরোধ গড়তে পারেননি মারুফা আক্তার-নাহিদা আক্তাররা। ৭ উইকেটে জিতে ১-০তে এগিয়ে গেছে অজি দল।
ব্রিসবেনে অ্যালান বোর্ডার ফিল্ড স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান অজি অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রা। প্রথম থেকেই বেশ চাপে পড়ে জ্যোতির দল। ৪৯.৪ ওভারে অলআউটের সময় ১৬৬ রান সংগ্রহ করতে পারে বাংলাদেশ। জবাবে ১৪৬ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে অস্ট্রেলিয়া। ২৫.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে ১৬৮ রান।
ওপেনিংয়ে রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন ফারজানা হক। ৪ রান করে ফেরেন শারমিন সুলতানা। শারমিন আক্তার ২৪, জ্যোতি ২৯ এবং স্বর্ণা আক্তার ২১ রান করেন। শেষদিকে ঋতু ৬৩ বলে ৪৫ রান করেন।
অজিদের হয়ে অ্যানাবেলা সাদারল্যান্ড ৪টি ও মেগান শুট ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন অ্যাশলে গার্ডনার, তাহলিয়া এবং জর্জিয়া ওয়্যারহাম।
জবাবে অজিদের ওপেনার জর্জিয়া ভল ১৯ রান করে ফেরেন। আরেক ওপেনার ফিবি লিচফিল্ড ৫৭ বলে ৭৭ রান করেন। বেথ মুনি ১৩ করেন। এলিস পেরি অপরাজিত ২৬ এবং সাদারল্যান্ডের অপরাজিত ২৫ রানে ম্যাচ শেষ করে স্বাগতিক দল।
বাংলাদেশের হয়ে হামিবা ইসলাম ২টি এবং রাবেয়া খান ১টি করে উইকেট নেন।
রোববার ব্রিসবেনে বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে দ্বিতীয় ওয়ানডেতে নামবে দুদল।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




