অস্ত্রোপচারের পর বিশ্রামে দক্ষিণী তারকা রামচরণ

অস্ত্রোপচারের পর বিশ্রামে দক্ষিণী তারকা রামচরণ

শুটিং চলাকালে হাতে গুরুতর চোট পাওয়ার পর দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা রামচরণের কবজিতে সফল অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন শঙ্কামুক্ত থাকলেও পুরোপুরি সুস্থ হয়ে কাজে ফিরতে আরও কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববার কোয়েম্বাটুরের গঙ্গা হাসপাতালে রামচরণের কবজিতে অস্ত্রোপচার করা হয়। শুটিংয়ের সময় আঘাত পেলেও কাজের ব্যস্ততার কারণে তাৎক্ষণিকভাবে অস্ত্রোপচার করানো সম্ভব হয়নি। পরে চিকিৎসকদের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিনি।

অস্ত্রোপচারের আগে রোববার হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দর থেকে কোয়েম্বাটুরের উদ্দেশে রওনা হন ৩৯ বছর বয়সী এই অভিনেতা। এ সময় তার সঙ্গে ছিলেন বাবা অভিনেতা চিরঞ্জীবী, মা সুরেখা ও স্ত্রী উপাসনা কামিনেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, রামচরণের কবজির আঘাত জটিল হওয়ায় যুক্তরাষ্ট্র থেকে হাত ও কবজি বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়। তাদের সঙ্গে স্থানীয় অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল অস্ত্রোপচার সম্পন্ন করে।

চিকিৎসকদের ভাষ্য, অস্ত্রোপচারের পর রামচরণ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। আপাতত তাকে কয়েক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। চিকিৎসকদের অনুমতি মিললেই তিনি আবার শুটিংয়ে ফিরতে পারবেন।

এর আগে ‘পেড্ডি’ সিনেমার প্রচারণার সময়ও তার হাতে চোটের বিষয়টি ভক্তদের নজরে আসে। তবে তখন আঘাতের ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে রামচরণের পরবর্তী সিনেমা ‘আরসি ১৭’ পরিচালনা করবেন সুকুমার। ছবিটির চিত্রনাট্যের প্রাথমিক কাজ শেষ হয়েছে এবং বর্তমানে প্রি-প্রোডাকশনের প্রস্তুতি চলছে। অভিনেতা পুরোপুরি সুস্থ হলে শুরু হবে সিনেমাটির শুটিং।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

রামচরণের সফল অস্ত্রোপচারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন তার ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন।