এমন পরিস্থিতির জন্য রাজনৈতিক প্রতিপক্ষকে দুষছেন সংসদ সদস্য তানভীর হাসানের অনুসারীরা। জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক ও পৌর কাউন্সিলর আমিনুর রহমান বলেন, ষড়যন্ত্রমূলকভাবে এ মামলা করা হয়েছে। আর এ মামলাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিপক্ষ ইন্ধন দিয়ে মিছিল করিয়েছে। তারা পোস্টারও লাগিয়েছে। মামলা হয়েছে, তদন্তের মাধ্যমে সঠিক তথ্য বের হয়ে আসবে।
অবশ্য সংসদ সদস্যের রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতারা ‘ইন্ধনের’ অভিযোগ নাকচ করে দিয়েছেন। ভূঞাপুরে সংসদ সদস্য তানভীর হাসানের প্রধান প্রতিপক্ষ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র মাসুদুল হক। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী। গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা ও ভূঞাপুরে মিছিল সম্পর্কে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা যারা রাজনীতি করি, তাদের জন্য এ ঘটনা খুব বিব্রতকর। গোলাম কিবরিয়া জঘন্য ঘটনা ঘটিয়েছে। আমরা বলতেও পারছি না, সইতেও পারছি না। ভূঞাপুরে নারীদের মিছিলটি স্বতঃস্ফূর্তভাবে হয়েছে।’



