বিজ্ঞান কী বলছে
বর্তমান বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী, ভূতের অস্তিত্বের কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি। বছরের পর বছর অসংখ্য গোস্ট হান্টিং বা কথিত ভূত অনুসন্ধানের দাবি করা হলেও এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি, যা বৈজ্ঞানিকভাবে যাচাই করা সম্ভব হয়েছে।
তাহলে প্রশ্ন ওঠে, মানুষ কেন ভূত দেখার দাবি করে? এর পেছনে কয়েকটি কারণ আছে। চলুন সেগুলো আলোচনা করা যাক।
১. মস্তিষ্কের ভুল ব্যাখ্যা
অনেক সময় আমরা অজানা বা অস্বাভাবিক কোনো ঘটনা দেখলে সেটিকে ভূত বলে ধরে নিই। যেমন ছায়া, শব্দ, অন্ধকারে কিছু নড়ে ওঠা, প্রতিচ্ছবি কিংবা দরজা নিজে থেকে বন্ধ হয়ে যাওয়া। এসবের অনেকটাই স্বাভাবিক ঘটনা হলেও আমাদের মনে রহস্যের অনুভূতি তৈরি করে।
২. স্লিপ প্যারালাইসিস
এটি এমন একটি অবস্থা, যেখানে ঘুম ও জাগরণের মাঝামাঝি সময়ে মানুষ নড়াচড়া করতে পারে না এবং ঘরে কারও উপস্থিতি অনুভব করে। অনেকের মনে হয়, কোনো অশরীরী সত্তা তাঁর বুকের ওপর চেপে বসেছে। এতে দম বন্ধ হওয়ার মতো অনুভূতি হয়। অনেকে এই অভিজ্ঞতাকেই ভূত দেখা বলে মনে করেন।
৩. মানসিক ও পরিবেশগত কারণ
ভয়, অন্ধকার, একা থাকা, অজানা শব্দ—এসব আমাদের মস্তিষ্ককে বিভ্রান্ত করে অস্বাভাবিক অভিজ্ঞতার সৃষ্টি করতে পারে।




