পানামার বিপক্ষে প্রথমার্ধটা বেশ ভুগতে হয়েছিল ইংল্যান্ডকে। পরে অবশ্য জুড বেলিংহ্যাম ও হ্যারি কেন নৈপুণ্যে জয় তুলে নিয়েছে ইংলিশরা। ২-০ গোলের জয়ে এল গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে নকআউটে উঠেছে তারা। অন্যম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়ে রানার্সআপ হয়েছে ক্রোয়েশিয়া। ক্রোয়েটদের কাছে হারলেও সেরা আট তৃতীয় দলের তালিকা থেকে নক আউটের টিকিট কেটেছে ঘানা।
২০১০ বিশ্বকাপে সবশেষ নকআউট পর্ব পার হয়েছিল ঘানা। সেবার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছিল তারা। পরের তিন আসরে ২০১৮ সালে উত্তীর্ণ হতে পারেনি, ২০১৪ ও ২০২২ আসরে বিদায় নিয়েছিল গ্রুপপর্ব থেকে। এবার আবার নকআউটে পৌঁছেছে তারা।
এল গ্রুপের লড়াইয়ে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন ইংল্যান্ড। নকআউটে তাদের প্রতিপক্ষ হবে সেরা আট তৃতীয় দল থেকে। ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হওয়া ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ হবে ‘কে’ গ্রুপের রানার্সআপ দল। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হওয়া ঘানা প্রতিপক্ষ পাবে ‘কে’ গ্রুপের চ্যাম্পিয়ন দলকে। আর খালি হাতে বিদায় নিতে হয়েছে পানামাকে।
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে গোলশূন্য সমতার পর ইংল্যান্ড প্রথম গোলের দেখা পায় ৬২ মিনিটে। জুড বেলিংহ্যাম গোল করেন। ৬৭ মিনিটে হ্যারি কেন লিড বাড়ান। পরে ২-০তে জয় নিশ্চিত করে ইংল্যান্ড।
ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল ফিল্ডে অন্য ম্যাচে ৩১ মিনিটে লিড পায় ক্রোয়েশিয়া। ১-০তে এগিয়ে বিরতিতে যায় ক্রোয়েটরা। বিরতির পর ৭৭ মিনিটে ঘানাকে সমতায় ফেরান ডেরিক লুকাসেন। তবে ৮৩ মিনিটে নিকোলা ভ্লাসিচের গোলে ফের লিড পায় ক্রোয়েশিয়া। শেষ অবধি ২-১ গোলে জিতে জয় নিশ্চিত করে লুকা মদ্রিচের দল।




