আবু হানিফের মন্তব্য, ‘আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত’ – DesheBideshe

আবু হানিফের মন্তব্য, ‘আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত’ – DesheBideshe
আবু হানিফ

ঢাকা,১৫ অক্টোবর-‘আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত’ বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আবু হানিফ তার পোস্টে বলেন, জামায়াতে ইসলামীর রাজনৈতিক কৌশল কিছুটা আলাদা। দলটি নিজেদের কিছু রাজনৈতিক এজেন্ডা সরাসরি সামনে না এনে বিভিন্ন সহযোগী প্ল্যাটফর্মের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করে। এনসিপিও সেই কৌশলের একটি অংশ।

তিনি বলেন, শুরুতে এনসিপি ‘সেকেন্ড রিপাবলিক’ ও সংবিধান সংস্কারের কথা বলেছিল। কিন্তু এসব এজেন্ডাও জামায়াতের ছিল। যদিও এসব প্রতিশ্রুতির কোনোটিই তারা বাস্তবায়ন করতে পারেনি। নিরপেক্ষতার কথা বলে যাত্রা শুরু করলেও সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে শেষ পর্যন্ত এনসিপি জামায়াতের কোলেই উঠেছে।

আবু হানিফ আরও বলেন, শুধু এনসিপি নয়, রাজশাহীর আম্মার কিংবা আয়াশের মতো আরও অনেকে আছেন। তারা জামায়াতের মাইকের মতো কাজ করেন। যখন যেটা প্রয়োজন, জামায়াত তখন সেটাই বাজায়।

তিনি বলেন, এনসিপি ও জামায়াতের রাজনৈতিক অবস্থান এবং কর্মকাণ্ড বিশ্লেষণ করলে বোঝা যায়, এনসিপির নিজস্ব কোনো রাজনৈতিক সত্তা নেই। বরং দলটি জামায়াতের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের একটি প্রক্সি টিম।

এনসিপির বর্তমান রাজনৈতিক অবস্থা বিবেচনা করলে বিষয়টি পরিষ্কার যে, আজকের এনসিপিই আগামী দিনের জামায়াত বলে মন্তব্য করেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।

এস এম/ ১৫ অক্টোবর ২০২৬