আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ | চ্যানেল আই অনলাইন

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ | চ্যানেল আই অনলাইন

অবশেষে ইতিহাসে সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপের বাকি কেবল এক ম্যাচ। রাতে গড়াবে মহাযজ্ঞের ফাইনাল মহারণ। ১০৪তম ম্যাচে মুখোমুখি হবে ১৬ বছর আগে চ্যাম্পিয়ন হওয়া ইউরোপিয়ান জায়ান্ট স্পেন এবং গত আসরের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একের পর এক প্রত্যাবর্তনে জয় নিয়ে রীতিমত প্রতিপক্ষকে আতঙ্কে ফেলে দিয়েছে লিওলেন স্কালোনির শিষ্যরা। সেজন্য স্পেনের সাবেক কোচ ভিসেন্তে দেল বস্ক আলবিসেলেস্তেদের নিয়ে স্প্যানিয়ার্ডদের সতর্ক করেছেন।

দেল বস্ক ২০১০ সালে সাউথ আফ্রিকা বিশ্বকাপে কোচ ছিলেন, নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে স্পেনকে প্রথম বিশ্বকাপ এনে দেন। চলতি আসরের ফাইনালের আগে স্পেনকে পরামর্শ দিলেন সাবেক কোচ।

বলেছেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে খেলা কঠিন। যদি শব্দটি ব্যবহার করতে পারি, তবে তারা প্রকৃত উপদ্রব। তাদের ঠিক কী করতে হবে তা তারা জানে। মনে করি ফাইনাল স্পেনের অনুকূলেই থাকবে, কিন্তু আর্জেন্টাইনদের ব্যাপারে তাদের সতর্ক থাকতে হবে। কারণ তাদের মোকাবেলা করা বেশ কঠিন এবং তাদের অভিজ্ঞতাও অনেকবেশি।’

৭৫ বর্ষী কোচ স্পেনের প্রশংসা করেছেন, ‘আমরা স্পেনের যে ম্যাচগুলো দেখেছি, তাতে খেলাগুলো পুরোপুরি জাতীয় দলের শর্তে হয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, দৃঢ়তা ও আত্মবিশ্বাস দুটোই প্রদর্শন করেছে।’

নিউ ইয়র্কের ‎মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার রাত ১টায় মহাযজ্ঞের ফাইনালে একবারের বিশ্বকাপজয়ী স্পেনের বিপক্ষে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।