আর কত বছর হলে ছেলে হত্যার বিচার পাব: প্রশ্ন বৃদ্ধ মিনতি পালিতের

আর কত বছর হলে ছেলে হত্যার বিচার পাব: প্রশ্ন বৃদ্ধ মিনতি পালিতের

১৩ বছর আগে গুলিতে ছেলেকে হারান মিনতি পালিত (৭৫)। সেই মামলায় আদালতে সাক্ষ্যও দিয়েছেন তিনি। কিন্তু বাকি সাক্ষীদের বেশির ভাগই হাজির হচ্ছেন না। এ অবস্থায় ছেলে সাজু পালিত হত্যার বিচার দেখে যেতে পারেন কি না, শঙ্কায় রয়েছেন।

২০১৩ সালের ২৪ জুন চট্টগ্রামে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তরে (সিআরবি) কোটি টাকার দরপত্রের ভাগ-বাঁটোয়ারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিতে নিহত হন সাজু পালিত (২৮)। সংঘর্ষের সময় তিনি ছাড়াও গুলিতে প্রাণ হারায় মো. আরমান নামের আট বছরের এক শিশু। আজ বুধবার এ ঘটনার ১৩ বছর পূর্ণ হচ্ছে। এ ঘটনায় করা মামলার বিচার চলছে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে। মামলাটিতে ১১৪ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত মাত্র ১৬ জনের সাক্ষ্য হয়েছে।

দীর্ঘদিনেও বিচার শেষ না হওয়ায় হতাশ নিহত ব্যক্তিদের পরিবার। গতকাল মঙ্গলবার সাজু পালিতের মা মিনতি পালিতের সঙ্গে কথা হয়। তিনি মামলার অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করেন। মিনতি পালিত প্রথম আলোকে বলেন, ‘আর কত বছর হলে ছেলে হত্যার বিচার পাব, বিচার দেখে কি মরতে পারব না।’