<![CDATA[
পাসপোর্ট নবায়নের দাবিতে ইতালির রোম দূতাবাসে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এ সময় দূতাবাস কর্তকর্তাদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা ও হট্টগোলের ঘটনাও ঘটে। ভাঙচুর করা হয় দরজা-জানালা। এ ঘটনায় একজনকে আটক করেছে ইতালি পুলিশ।
দালালের খপ্পড়ে পড়ে ইতালিতে পাড়ি জমানোর সময় নাম, জন্ম তারিখ পরিবর্তন করে থাকেন অনেক প্রবাসী বাংলাদেশি। কিন্তু এ অবস্থায় পাসপোর্ট নবায়ন করতে গিয়ে বিপাকে পড়েছেন তারা।
নতুন পাসপোর্টের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন প্রবাসীরা। এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় মঙ্গলবার (২৮ মার্চ) দূতাবাসে বিক্ষোভের সময় ভাঙচুরও চালান অভিবাসীরা। এমনকি আগুন দেয়া হয় ময়লার স্তূপে। এ ঘটনায় একজনকে আটক করেছে ইতালির পুলিশ।
আরও পড়ুন: অভিবাসীদের ঢল ঠেকাতে ইতালিতে নতুন আইন
তবে এর নিন্দা জানিয়ে অভিবাসীদের পাসপোর্ট দেয়ার দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালিতে দীর্ঘদিন ধরে পাসপোর্ট না পাওয়ায় অনেককে নানা সমস্যায় পড়তে হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা।
যদিও এ বিষয়ে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসানসহ দূতাবাসের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
]]>



