শান্তর থ্রোয়ে আহত মাঠকর্মী | খেলা

শান্তর থ্রোয়ে আহত মাঠকর্মী | খেলা

<![CDATA[

বুধবার (২৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ। টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। টাইগারদের ব্যাটিং শেষে ঘটে এক দুর্ঘটনা।

বাংলাদেশের ইনিংস শেষে চলছিল মাঠ প্রস্তুতের কাজ। একদিকে কাজ করছিলেন মাঠকর্মীরা, অন্যদিকে ফিল্ডিংয়ের আগে ওয়ার্মআপ সেরে নিচ্ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। এমন সময় অসতর্ক অবস্থায় নাজমুল হোসেন শান্তর একটি থ্রোতে আহত হয়েছেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের এক সহকারি কিউরেটর।

 

আরও পড়ুন: আফিফ, সাইফের দলে ফেরার পথ বাতলে দিলেন সুজন

 

টি-টোয়েন্টি ক্রিকেটে দুই ইনিংসের মাঝামঝি সময় থাকে দশ মিনিট। এই দশ মিনিটের পুরোটাই মাঠ প্রস্তুতের কাজে লাগান কর্মীরা। সেই কাজ তদারকিতেই ব্যস্ত ছিলেন সহকারি কিউরেটর আব্দুল খালেক। সেসময় বল লেগে আহত হন তিনি।

 

স্বাগতিক ক্রিকেটারদের ফিল্ডিং অনুশীলন চলাকালীন একটি থ্রোতে সরাসরি এসে আঘাত হানে খালেকের মুখে। নাকের নিচে কেটে যায় তার। অন্য মাঠকর্মীরা তখন ধরাধরি করে তাকে বাইরে নিয়ে যায়। পরে নেয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। ক্ষত স্থানে দেয়া হয়েছে দুটি সেলাই। এছাড়া প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে।  শেষ খবর পাওয়া পর্যন্ত সুস্থ আছেন খালেক।

 

আরও পড়ুন: রেকর্ড গড়ে খুশি, সেঞ্চুরি হলে খুব ভালো লাগত: লিটন

 

চট্টগ্রামে প্রতিকূল আবহাওয়ায় কিউরেটর ও মাঠকর্মীদের ছিল এদিন ব্যাপক ব্যস্ততা। দুপুর দেড়টায় নির্ধারিত সময়ে টস হলেও খানিক পরই নামে প্রবল বৃষ্টি। এরপর একবার খেলার সম্ভাবনা তৈরি হলেও নামে বৃষ্টি। শেষ পর্যন্ত ৩টা ৪০ মিনিটে ১৭ ওভারের ম্যাচ শুরু হয়। বাকি খেলা হয় নির্বিঘ্নে। মাঠকর্মীদের তৎপরতায় খুব বেশি সময় নষ্ট হয়নি ম্যাচের।

 

মাঠের ক্রিকেটে গতকাল বেশ দাপট দেখিয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিং পেয়ে স্বাগতিকরা মাত্র ১৭ ওভারে করে ২০২ রান। জবাব দিতে নেমে ১২৫ রানে থামে আইরিশরা। ৭৭ রানের জয়ে সিরিজ নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল। 

]]>