বিশ্বকাপে প্রথমবার এসে প্রথম পয়েন্টও পেয়েছে ক্যারিবীয় দ্বীপের দেশ কুরাসাও। গ্রুপ ‘ই’তে ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে পয়েন্ট পাওয়া ম্যাচে রেকর্ড গড়েছেন গোলকিপার এলয় রুম। এরপর মজা করে বলেছেন, কুরাসাওয়ে আমার ভাস্কর্য দরকার।
৩৭ বর্ষী এলয় রুম ইকুয়েডরের বিপক্ষে ১৫টি শট ঠেকিয়ে দিয়েছেন। এতে রেকর্ডের পাতায় নাম তুলেছেন। ১৯৬৬ আসরের পর অতিরিক্ত সময়ে গড়ায়নি এমন কোন ম্যাচে এরচেয়ে বেশি বল ঠেকাননি কোন গোলরক্ষক।
প্রথম ম্যাচে জার্মানির বিপক্ষে ৭-১ গোলে বড় হারের পর ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্র করে বুনো উল্লাসে মেতেছে দলটি। এর মাধ্যমে নকআউটে যাওয়ার সুযোগ টিকে আছে কুরাসাওয়ের।
ম্যাচের পর রুম বলেছেন, ‘এর মানে সবকিছু। আমাদের কাছে মনে হচ্ছে আমরা ম্যাচটি জিতেছি। এর মানে আমাদের কাছে অনেককিছু। বিশ্বকাপে এটি আমাদের প্রথম পয়েন্ট।’
‘আমরা কোথায় থেকে এ পর্যায়ে এসেছি, সেই যাত্রাপথ জানা থাকলে বর্তমান পরিস্থিতিটা সত্যিই অবিশ্বাস্য মনে হয়। আমরা প্রমাণ করেছি যে, আমাদের দলের মধ্যে অদম্য মনোবল ও সাহসিকতা রয়েছে। তাই অনুভূতিটা সত্যিই অবিশ্বাস্য।’
মিয়ামি এফসির গোলকিপার রসিকতা করে বলেছেন, ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে যুক্তরাষ্ট্রের গোলরক্ষক টিম হাওয়ার্ডের গড়া ১৬টি সেভের রেকর্ডটি স্পর্শ করতে না পারায় তিনি হতাশ।
মজা করে এলয় রুম বলেছেন, ‘এমন রেকর্ড গড়তে পেরে আমি গর্বিত। দলের সবার সাথে মিলে এমন রেকর্ড গড়তে পেরে আরও খুশি। কিন্তু কুরাসাওয়ে আমার একটি ভাস্কর্য দরকার মনে হচ্ছে।’





