কলেজের অধ্যক্ষ মোস্তাক আহম্মদ ভূঁইয়া বলেন, ‘হাসপাতাল চালুর বিষয়ে সংশ্লিষ্ট সব জায়গায় আমরা যোগাযোগ করছি। ভবনের আনুষঙ্গিক কিছু কাজ বাকি আছে। গণপূর্ত বিভাগ এক মাসের মধ্যে সেই কাজ শেষ করবে। ফার্নিচার আছে। যন্ত্রপাতি ক্রয়ের বিষয়টি প্রক্রিয়াধীন। এখন প্রয়োজনীয় লোকবল নিয়োগে মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। সেটিও প্রক্রিয়াধীন।’
শিক্ষকসংকটের বিষয়ে অধ্যক্ষ বলেন, ‘এখানে ৭৪ শিক্ষকের মধ্যে ৩৮ জন কর্মরত আছেন। তিনটি বিভাগে কোনো শিক্ষক নেই। আমরা শিক্ষক নিয়োগের জন্য বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখছি। তারা আশ্বস্ত করেছে, দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া হবে।’
২০২১ সালের ১২ সেপ্টেম্বর জেলার শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ৫০ শিক্ষার্থী নিয়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়। প্রায় দুই বছর পর ২০২৩ সালের ৫ নভেম্বর প্রতিষ্ঠানটি স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হয়। স্থায়ী ক্যাম্পাসটি জেলা শহর থেকে ১৩ কিলোমিটার দূরে সদর উপজেলার মদনপুর এলাকায় সুনামগঞ্জ–সিলেট সড়কের পাশে অবস্থিত। বর্তমানে কলেজে পাঁচটি ব্যাচে শিক্ষার্থী রয়েছেন।




